‘শিক্ষামন্ত্রী আমাদের দিকে সুনজর দিন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শিক্ষামন্ত্রী আমাদের দিকে সুনজর দিন...!’ এ রকম আহ্বানসংবলিত প্ল্যাকার্ড আর ফেস্টুন প্রদর্শন করে সিলেট সরকারি মহিলা কলেজের সমাজকর্ম বিভাগে মাস্টার্স কোর্স চালুর দাবিতে মানববন্ধন করেছেন ছাত্রীরা।গতকাল মঙ্গলবার সকালে নগরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে একাত্ম হয়ে ছাত্রীরা মানববন্ধন করে ‘আমাদের কথা’ প্রচারপত্র বিলি করেন। মানববন্ধনে একাত্ম ছাত্রীরা জানান, ১৯৩৯ সালে প্রতিষ্ঠিত হয় সিলেট সরকারি মহিলা কলেজ। ২০০৩-০৪ শিক্ষাবর্ষ থেকে সমাজকর্মসহ সাতটি বিষয়ে অনার্স কোর্স চালু হয়। কিন্তু মাস্টার্স কোর্স চালু হয়নি। সমাজকর্ম বিষয়ে অনার্স কোর্স শেষে ছাত্রীদের মাস্টার্স কোর্সের জন্য সিলেটের বাইরে যেতে হচ্ছে। এ অবস্থায় সিলেটের নারী শিক্ষার প্রসারে একমাত্র পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠান—সিলেট সরকারি মহিলা কলেজে মাস্টার্স কোর্স না থাকায় ছাত্রীরা উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। ছাত্রীরা ‘আমাদের কথা’য় জানান, মাস্টার্স কোর্স চালুর দাবিতে এর আগে শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রীসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে দাবি জানানো হয়।