'শিক্ষায় পিছিয়ে থাকলে টিকে থাকা যাবে না'
স্মৃতিচারণা, আলোচনা সভা, নাচ, গান, কৌতুক এবং কৃতী শিক্ষার্থী ও শিক্ষক সম্মাননার মধ্য দিয়ে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বাগমারা উচ্চবিদ্যালয়ের দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দিনব্যাপী এ অনুষ্ঠান হয়।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ১৯৫৪ থেকে ২০১৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন ব্যাচের প্রায় হাজার খানেক প্রাক্তন ছাত্র অংশ নেয়। এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি স্কুলজীবনের স্মৃতিচারণা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। পরিকল্পনামন্ত্রী বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে কোনো জাতি শিক্ষায় পিছিয়ে থাকলে বিশ্বে টিকে থাকতে পারবে না।
বাগমারা স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আবদুল বারী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য দেন স্কুলের প্রাক্তন ছাত্র ইস্ট ওয়েস্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. হারুন-আর-রশিদ, সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার ও বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু তাহের মজুমদার প্রমুখ।