'শিক্ষার আলোয় দেশকে আলোকিত করতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, একজন সুশিক্ষিত মানুষের পক্ষে দুর্নীতি করা, প্রতারণা করা, এমনকি ইতিহাস বিকৃত করাও সম্ভব না। তাই দেশকে এগিয়ে নিতে হলে নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে।
বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কলাপাড়া উপজেলা শাখা আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আরেফিন সিদ্দিক এসব কথা বলেন। কলাপাড়া পৌর শহরের আনোয়ার উল ইসলাম মিয়া জুনিয়র একাডেমি প্রাঙ্গণে গত শুক্রবার সন্ধ্যায় এ সভা অনুষ্ঠিত হয়।
উপাচার্য আরেফিন সিদ্দিক বলেন, ‘আমরা সবাই চাই এই দেশটা আরও উন্নত হোক, শান্তিময় হোক। আমাদের শান্তির সেই উৎস হচ্ছে শিক্ষা। তাই শিক্ষার আলোয় দেশকে আলোকিত করতে হবে। আমরা যদি ছেলেমেয়েদের সঠিক শিক্ষা দিতে পারি, তা হলে এই দেশ আরও এগিয়ে যাবে।’ তিনি আরও বলেন, বঙ্গবন্ধু তাঁর ৫৫ বছরের প্রতিটি মুহূর্ত দেশ ও জনগণের জন্য উৎসর্গ করে গেছেন। বঙ্গবন্ধু বেঁচে থাকলে এই দেশ আরও বহু আগে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যেত।
বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের উপজেলা শাখার সভাপতি মো. মঞ্জুরুল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন দেশের বিশিষ্ট মৃত্তিকা ও পরিবেশবিজ্ঞানী এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম ইমামুল হক, পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল হক, আমেরিকার মেট্রো শাখা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলাউদ্দিন আহমেদ। আরও বক্তব্য দেন পরিষদের ঢাকা মহানগর উত্তরের সভাপতি এম জাহাঙ্গীর আলী, বরিশাল বিভাগীয় সাধারণ সম্পাদক বাহাউদ্দিন গোলাপ প্রমুখ। অনুষ্ঠানে কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক আবদুল্লাহ আল ইসলাম উপস্থিত ছিলেন।