'শিক্ষার গুণগত মানোন্নয়ন নিয়ে প্রশ্ন রয়ে গেছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভর্তির হার, শিক্ষার্থী-শিক্ষক অনুপাত, অবকাঠামোগত অবস্থান, প্রাথমিক শিক্ষাসহ শিক্ষার সব সূচকে এগিয়েছে বাংলাদেশ। তবে শিক্ষার গুণগত মান উন্নয়ন নিয়ে প্রশ্ন রয়ে গেছে। পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শিবজিত নাগ এই মন্তব্য করেন।
গতকাল মঙ্গলবার পাবনা প্রেসক্লাব মিলনায়তনে ‘শিক্ষা বাজেট’ শীর্ষক মতবিনিময় সভায় শিবজিত নাগ আরও বলেন, প্রকৃত শিক্ষার মানোন্নয়ন এখনো হয়নি। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিদ্যমান সমস্যা দূরীকরণ, শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি, বণ্টন ও সুষ্ঠু তদারকির মাধ্যমে সঠিক ব্যবহার করতে পারলেই গুণগতমান উন্নয়ন সম্ভব। বেসরকারি উন্নয়ন সংস্থা বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতি ও গণসাক্ষরতা অভিযান এই সভার আয়োজন করে।
বাঁচতে চাই সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি ইশারত আলীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক, পাবনা সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক শামসুর রহমান এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক ইয়াহিয়া ব্যাপারী প্রমুখ। স্বাগত বক্তব্য দেন বাঁচতে চাই-এর পরিচালক আবদুর রব। শিক্ষা বাজেট শীর্ষক মূল ধারণাপত্র উপস্থাপন করেন গণসাক্ষরতা অভিযানের উপপরিচালক কে এম এনামুল হক। দিনব্যাপী এই সভায় জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্কুল-কলেজ ব্যবস্থাপনা পরিষদের সদস্য, সাংবাদিক, আইনজীবী, সংস্কৃতিকর্মী, এনজিওর প্রতিনিধিরা অংশ নেন।
বাঁচতে চাই-এর পরিচালক আবদুর রব বলেন, বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ কমছে। ২০১৩-১৪ অর্থবছরে বাজেট ছিল ১১ দশমিক ২ শতাংশ, ২০১৪-১৫ অর্থবছরে বরাদ্দ ছিল ১১ দশমিক ৭ শতাংশ। কিন্তু ২০১৪-১৫ অর্থবছরে এই বরাদ্দ কমিয়ে করা হয়েছে ১০ দশমিক ৭১ শতাংশ। এটা দুঃখজনক। শিক্ষার মানোন্নয়নে এই বরাদ্দ বাড়ানোর কোনো বিকল্প নেই।
জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক বলেন, ‘বর্তমান সরকার শিক্ষার দিকে বিশেষ নজর দিয়ে কাজ করছে। ফলে দেশে শিক্ষিতের হার বাড়ছে। নানামুখী শিক্ষায় মানুষ এগিয়ে যাচ্ছে। বাজেটের বিষয়টিও সরকারের নজরে আছে বলে আমি মনে করি।’