‘শিক্ষার নামে ব্যবসা করছে কিন্ডারগার্টেনগুলো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন শিক্ষার্থী মাসিক বেতন দেয় ২৫০ টাকা। অপরদিকে একজন শিক্ষক মাস শেষে বেতন পান ৫০০ থেকে দেড় হাজার টাকা। এটি কিশোরগঞ্জের অধিকাংশ কিন্ডারগার্টেন স্কুলের চিত্র। অভিভাবক ও সচেতন মহলের অভিযোগ, কিন্ডারগার্টেনের মালিকেরা পড়াশোনার মানের চেয়ে ব্যবসায়িক দিকটিই প্রাধান্য দিচ্ছেন বেশি।সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রবীন্দ্রনাথ চৌধুরী বলেন, ছাত্রের বেতন ২৫০, শিক্ষকের ৫০০ টাকা—এ থেকেই তো বোঝা যায়, কিন্ডারগার্টেনগুলো ব্যবসা ছাড়া কিছু বোঝে না। কায়িক পরিশ্রম করেই তো দিনে ২০০ টাকা পাওয়া যায়। সে হিসাবে কীভাবে একজন শিক্ষক মাসে ৫০০ টাকায় শিক্ষকতা করবেন! যিনি পড়াবেন তাঁর মধ্যে পেশাদারি মনোভাব সৃষ্টি হবে না।সচেতন নাগরিক কমিটি—সনাক, কিশোরগঞ্জের শিক্ষাবিষয়ক কমিটির সভাপতি আবদুল গণি বলেন, শিক্ষার নামে ব্যবসা ছাড়া কিছুই করছে না কিন্ডারগার্টেনগুলো। রকমারি বিজ্ঞাপন দিয়ে অভিভাবকদের আকৃষ্ট করছে তারা।সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ জেলা শহরে ৫১টি কিন্ডারগার্টেন আছে। গোটা জেলায় আছে ২৫০টিরও বেশি। চলতি বছরের শুরুতেই প্রতিটি বিদ্যালয়ে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত মাসিক বেতনসহ অন্যান্য ফি বাড়িয়ে দেওয়া হয়েছে।শহরের নগুয়া এলাকার অভিভাবক আশরাফ উদ্দিনসহ কয়েকজন অভিভাবক জানান, মাসিক বেতন, সেশন ফি ও অন্যান্য ফি বাড়িয়ে দেওয়ায় সন্তানদের কিন্ডারগার্টেনে পড়াতে তাঁদের কষ্ট হচ্ছে। তাঁরা অভিযোগ করেন, স্কুলগুলোতে সরকারের নির্ধারিত পাঠ্যবইয়ের বাইরে অতিরিক্ত চারটি বই মোটা অঙ্কের টাকা দিয়ে স্কুল থেকে কিনতে হচ্ছে।গুরুদয়াল সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের সাবেক প্রধান রফিকুল ইসলাম খান জানান, মাত্র পাঁচ বছরের শিশুটিকে সাতটি বই ও ১৪টি খাতা স্কুলব্যাগে করে কাঁধে নিতে হয়। এতে ছোট্ট শিশুটি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। অতিরিক্ত পড়ার চাপে মানসিকভাবে শিশুরা দুর্বল হয়ে যায়। এতে শিশুর পড়ালেখার প্রতি আগ্রহও কমে যায়। ফলে শিশুর প্রকৃত মেধা বিকাশ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। কিন্ডারগার্টেনগুলোর শিক্ষার্থী ও শিক্ষকের বেতন সরকার কর্তৃক নির্ধারণ করে দেওয়া উচিত বলে মনে করেন তিনি।নাম প্রকাশে অনিচ্ছুক কিন্ডারগার্টেনের একাধিক শিক্ষক জানান, এ টাকায় পড়াতে মন চায় না। বাধ্য হয়ে কাজটি করছেন।শহরের করমপট্টি এলাকায় অবস্থিত টিউবরোজ কিন্ডারগার্টেনে ৬৮৬ জন শিক্ষার্থী আছে। ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত এ শিক্ষা প্রতিষ্ঠানটির মালিক ও পরিচালক আমিনুল ইসলাম। তিনি জানান, সবকিছুর দাম বাড়ায় বেতন ও ভর্তি ফি বাড়ানো হয়েছে। এখানে প্লে থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রতিটি শিক্ষার্থী মাসে ২৫০ টাকা করে বেতন দেয়। আর শিক্ষকেরা মাস শেষে বেতন পান ৫০০ থেকে দেড় হাজার টাকা। ২৪ জনের মধ্যে অর্ধেকেরও বেশি শিক্ষক ৫০০ টাকা বেতন পান।শোলাকিয়ায় অবস্থিত গার্ডেনিয়া কিন্ডারগার্টেনের মালিক ও অধ্যক্ষ কোহিনুর আফজল। ২০০৮ সালে এটি প্রতিষ্ঠিত হয়। এখানেও শিক্ষার্থীদের বেতন ২৫০ টাকা। ১৬ জন শিক্ষকের ১০ জনই ৫০০ এবং বাকিদের কেউ ৮০০, কেউ দেড় হাজার টাকা করে পান।শহরের খরমপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমা অঞ্জলী জানান, তাঁর বিদ্যালয়কে ঘিরে ছয়টি কিন্ডারগার্টেন গড়ে উঠেছে। অবকাঠামো-সুবিধা ও প্রয়োজনীয় শ্রেণীকক্ষ থাকলে এসব শিশু এ শিক্ষাপ্রতিষ্ঠানেই ভর্তি হতে পারত। তিনি বলেন, বাচ্চারা কিন্ডারগার্টেনে পড়ে অন্ধকারের দিকে যাচ্ছে।অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এমদাদুল হক চৌধুরী বলেন, কিন্ডারগার্টেনগুলো সরাসরি সরকারি নিয়ন্ত্রণে নেই। এ ব্যাপারে অবশ্যই সরকারের একটি সুস্পষ্ট নীতিমালা ও নিয়ন্ত্রণ থাকা অত্যাবশ্যক। এ ব্যাপারে অভিভাবকদেরও সচেতন হওয়া প্রয়োজন।