'শিক্ষার পরিবেশ নষ্ট করার সুযোগ দিতে পারি না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন। গত বৃহস্পতিবার দুপুরে ফ্যাক্সযোগে তাঁর পদত্যাগপত্রের কপি স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্যসচিবের কাছে পাঠানো হয়েছে।
ছাত্রলীগের তিন কর্মীকে বহিষ্কারের জের ধরে গত বুধবার থেকে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে কলেজে আন্দোলন শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে তিনি এ সিদ্ধান্ত নেন বলে শিক্ষকেরা বলেছেন।
কলেজ সূত্র জানায়, গত ২৮ অক্টোবর কলেজের শাহ আলম বীর উত্তম ছাত্রাবাসে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ হয়। ওই ঘটনায় জড়িত থাকার দায়ে ছাত্রলীগের তিন কর্মী জয় জগন্নাথ, মীর তানভীর আহমেদ ও তানভীর আহমেদকে ছয় মাসের জন্য বহিষ্কার করে একাডেমিক কাউন্সিল। এরপরই গত বুধবার থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে অধ্যক্ষের পদত্যাগ চেয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা আন্দোলন শুরু করেন।
পদত্যাগপত্রে অধ্যক্ষ লিখেছেন, ‘অতি সম্প্রতি ছাত্রদের সঠিক পথে চালিত করার স্বার্থে কিছু শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এতে ছাত্রলীগ নামধারী মেডিসিন ক্লাবের কতিপয় বর্তমান ও প্রাক্তন সদস্য তাঁদের হীন রাজনৈতিক স্বার্থ ও আধিপত্য বিস্তারের নিমিত্তে শিক্ষার্থীদের আন্দোলনে নামায়। পড়ালেখার টেবিল ছেড়ে শিক্ষার্থীরা আন্দোলনের জন্য আর একটি দিনও নষ্ট করুক, সেটা আমার কাম্য নয়। তাঁরা সুচিকিৎসক ও সুনাগরিক হওয়ার স্বার্থে আন্দোলন ছেড়ে পড়ালেখায় বসুক, সেই লক্ষ্যে আমি অধ্যক্ষের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিলাম। একই সঙ্গে কুচক্রী মহল থেকে সব শিক্ষার্থী ও কর্তৃপক্ষকে সাবধান থাকার সনির্বন্ধ অনুরোধ রইল।’
এ বিষয়ে অধ্যাপক মোসলেহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘এ কলেজের প্রতিষ্ঠালগ্ন থেকেই আমি আছি। আমি ছাত্রলীগ নামধারীদের কলেজের শিক্ষার পরিবেশ নষ্ট করার সুযোগ দিতে পারি না। তাই পদত্যাগ করেছি।’
অধ্যক্ষের পদত্যাগের বিষয়ে কলেজ ছাত্রলীগের সদ্য বিদায়ী সভাপতি ও আন্দোলনের মুখপাত্র আবেদ আব্বাস বলেন, ‘আমাদের দাবি মেনে অধ্যক্ষ পদত্যাগ করায় আমরা আন্দোলন থেকে সরে এসেছি।’