'শিক্ষার রাজনৈতিকীকরণ হচ্ছে'
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) কেন্দ্রীয় সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, শিক্ষার উদ্দেশ্য হলো চিন্তা করা, নিজেকে বিকশিত করা এবং প্রশ্ন করার ক্ষমতা তৈরি করা। কিন্তু বর্তমানে শিক্ষাব্যবস্থার বিকৃতি ঘটছে। শিক্ষার সাম্প্রদায়িকীকরণ, বাণিজ্যিকীকরণ ও রাজনৈতিকীকরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার রাজশাহীতে সুজনের রাজশাহী বিভাগীয় পরিকল্পনা সভায় প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন। নগরের কুকিজার রেস্টুরেন্টে সকাল ১০টায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্য বক্তারা বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র অর্জনের জন্যই মুক্তিযুদ্ধ হয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনার মাধ্যমেই একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, যেখানে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা পাবে। কিন্তু বাংলাদেশ স্বাধীনতার ৪৬ বছর পরও এগুলো অর্জনের পথে না থাকার কারণেই বারবার পথ হারিয়ে ফেলছে। তাঁরা বলেন, আইনের শাসন নিশ্চিত করা না গেলে সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব নয়। তাই সবাইকে আইনের শাসন নিশ্চিত করতে হবে।