'শিক্ষার্থীদের বইমুখী করতে শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন প্রয়োজন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা একাডেমির মহাপরিচালক শাসুজ্জামান খান বলেছেন, শিক্ষার্থীদের বইমুখী করতে শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন প্রয়োজন। অন্যথায় জাতি হিসেবে চিন্তার দিক থেকে আমাদের পিছিয়ে পড়তে হবে।
গত ২৩ এপ্রিল সন্ধ্যায় বিশ্ব বই ও কপিরাইট দিবস উপলক্ষে বাতিঘর আয়োজিত বিশেষ আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নগরের জামাল খানের প্রেসক্লাব ভবনে বাতিঘরের বিক্রয়কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বই ও কপিরাইটের নানা দিক তুলে ধরে আলোচনায় অংশ নেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক গোলাম মুস্তাফা এবং ইংরেজি বিভাগের অধ্যাপক ও অনুবাদক জি এইচ হাবীব।
আলোচকেরা বলেন, তরুণ প্রজন্মকে বই পড়ায় উদ্বুদ্ধ করে তুলতে হবে। এ জন্য শিক্ষার্থীদের শুধু পরীক্ষার্থী হিসেবে বিবেচনা করলেই চলবে না, তাদের আনন্দের সঙ্গে বইয়ের বিশাল খনির সন্ধান দিতে হবে। বক্তারা ভালো বই প্রকাশনার পাশাপাশি বিপণনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
মোজাম্মেল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ। বিজ্ঞপ্তি