
খুদে বিজ্ঞানীদের এক মেলা বসেছিল গতকাল মঙ্গলবার ঢাকার পান্থপথের সামারাই কমিউনিটি সেন্টারে। সেখানে ছিল সিটি ব্যাংক-প্রথম আলো বিজ্ঞান জয়োৎসবের ঢাকা দক্ষিণের আয়োজন। এতে ৭২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬১২ জন খুদে বিজ্ঞানী জড়ো হয়েছিল। তারা হাজির করেছে ৫৩টি বিজ্ঞান প্রকল্প, অংশ নিয়েছে কুইজ প্রতিযোগিতায়। দিন শেষে এদের মধ্যে ৬২ জন জাতীয় বিজ্ঞান জয়োৎসবে মূল পর্বের জন্য নির্বাচিত হয়েছে।
সকালে উৎসবের উদ্বোধন করেন বিজ্ঞান জয়োৎসব উপদেষ্টা পরিষদের চেয়ারপারসন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক জেবা ইসলাম সেরাজ। এ সময় তিনি বলেন, আগামী দিনে বিজ্ঞান ও প্রযুক্তি হবে উন্নয়নের প্রকৃত হাতিয়ার। এ জন্য ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক চিন্তাভাবনায় বেশি সময় দিতে হবে।
সকালে ৩০ মিনিটের কুইজ প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীরা তাদের প্রকল্প প্রদর্শন করে। এর মধ্যে সুন্দরবনকে বাঁচানোর জন্য সচেতনতা, দুর্ঘটনা এড়ানোর জন্য রাস্তার মোড়ে নানান রঙের বাতির ব্যবহারেও তারা পারদর্শিতা দেখিয়েছে। নটর ডেম কলেজের আসিফ মুজতবা হাসান ও তানজির মাহতাব এবং উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের রাহাতুল্লাহ তওসিফ স্টেম সেল প্রতিস্থাপন ও অ্যান্টিইলেকট্রো ভাইরাল থেরাপি ব্যবহারের মাধ্যমে এইচআইভি ভাইরাসকে সুপ্তাবস্থাতে দমনের উপায় নিয়ে একটি প্রকল্প উপস্থাপন করে। শহীদ পুলিশ স্মৃতি স্কুলের শিক্ষার্থীরা ইন্টারনেটে তথ্য অনুসন্ধান করে তা সংরক্ষণ করে রাখা এবং ড. মুহাম্মদ শহীদুল্লাহর বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধানটির একটি ডিজিটাল সংস্করণ দেখিয়ে সবাইকে মুগ্ধ করে।
সমাপনী পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বীয় পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আরশাদ মোমেন শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প তৈরির সময় বিজ্ঞানের মৌলিক বিষয়ের প্রতি বিশেষভাবে নজর রাখার পরামর্শ দেন। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, প্রথম আলো শিক্ষার্থীদের মেধা ও চিন্তার বিকাশের জন্য নানামুখী কার্যক্রমের সঙ্গে জড়িত। ভাষা প্রতিযোগ, ইন্টারনেট উৎসব, বর্ণমেলার মতো আয়োজনের উদ্দেশ্য থাকে শিক্ষার্থীদের মেধা ও মননের উন্নয়ন। তিনি আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে আমাদের শিক্ষার্থীদের সাফল্যের কথা তুলে ধরে আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বিজ্ঞানের আন্তর্জাতিক প্রতিযোগিতায়ও বাংলাদেশের শিক্ষার্থীরা সফল হবে। উৎসবে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাণিবিজ্ঞানী ড. রেজাউর রহমান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফারসীম মান্নান মোহাম্মদী, সিটি ব্যাংকের কারওয়ান বাজার শাখার ব্যবস্থাপক নজরুল ইসলাম ও ইভেন্ট ও অ্যাকটিভেশন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক আলমগীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর যুব কর্মসূচি সমন্বয়কারী মুনির হাসান।
উল্লেখ্য, গত ৫ মে ঢাকার সিটি ব্যাংক সেন্টারে দেশব্যাপী সিটি ব্যাংক-প্রথম আলো বিজ্ঞান জয়োৎসবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল শেষ হলো ১৫টি অঞ্চলের উৎসব। আঞ্চলিক জয়োৎসবের বিজয়ীরা ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠেয় জাতীয় জয়োৎসবে যোগ দেবে।