'শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহী করে তোলার এটাই সময়'
বরিশাল অঞ্চলের বিজ্ঞান জয়োৎসব গতকাল মঙ্গলবার নগরের অশ্বিনীকুমার হলে অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের সাড়ে চার শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে বেলুন উড়িয়ে উৎসবের সূচনা করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক। শিক্ষার্থীরা আসে ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল থেকে।
উদ্বোধনী অনুষ্ঠানের পর শিক্ষার্থীরা ৩০ মিনিটের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেয়। এ সময় মিলনায়তনের দোতলায় উপস্থাপনের জন্য সাজানো হয় বিজ্ঞানবিষয়ক প্রকল্প। দুপুর ১২টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সমীরণ রায়, ভূতত্ত্ব ও খনিজ বিভাগের প্রভাষক মো. রিসালাত রফিক, বরিশাল জিলা স্কুলের পদার্থবিজ্ঞানের শিক্ষক দুলাল চন্দ্র বণিক এবং সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষক নাজমা আলম শিক্ষার্থীদের উপস্থাপন করা ৩১টি প্রকল্প থেকে ১৫টি প্রকল্পকে সেরা হিসেবে মনোনয়ন দেন।
দুপুর সাড়ে ১২টায় সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি ব্যাংক বরিশালের শাখা ব্যবস্থাপক ফরাজী মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর যুব কর্মসূচি ও বিজ্ঞান জয়োৎসবের সমন্বয়ক মুনির হাসান। একপর্যায়ে তিনি মঞ্চে ডেকে নেন আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নেওয়া বাংলাদেশ দলের বরিশাল জিলা স্কুলের শিক্ষার্থী নাঈমুল ইসলাম ছোয়াতকে। এ সময় সে তার গণিত জয়ের স্বপ্নের কথা শোনায়।
এর আগে অনুষ্ঠান উদ্বোধন ঘোষণার পর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক বলেন, ‘বিজ্ঞান প্রতি মুহূর্তে আমাদের সামনে নিয়ে যেতে সহযোগিতা করে। বিজ্ঞানে আগ্রহের কারণে শিক্ষার্থীদের চিন্তার প্রসার ঘটছে। এ বিষয়ে পারদর্শী হতে হলে গণিতেও চাই সমান পারদর্শিতা। আর এ জন্য শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তোলার এটাই উপযুক্ত সময়।’
উৎসব শেষে বিজ্ঞান প্রকল্পের জন্য ৩০ জন এবং কুইজের তিনটি বিভাগের জন্য ৩০ জনকে ঢাকায় জাতীয় উৎসবে অংশ নেওয়ার জন্য মনোনীত করা হয়। এদের প্রত্যেককে অতিথিরা পদক পরিয়ে দেন। বন্ধুসভার বন্ধুরা পরিয়ে দেন টি-শার্ট।
সিটি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এ উৎসবের আয়োজন করে প্রথম আলো। এতে সার্বিক সহযোগিতা দেন বরিশাল বন্ধুসভার বন্ধুরা।