'শিক্ষার্থীদের বিশ্ব সম্পর্কে ধারণা থাকতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান আবদুল মান্নান বলেছেন, শিক্ষার্থীদের শুধু একটি বিষয়ে জ্ঞান অর্জন করলে হবে না। তাঁদের সমসাময়িক বিশ্ব সম্পর্কে ধারণা থাকতে হবে। নিজের দেশের ইতিহাস ও কৃষ্টি-সংস্কৃতি যেমন জানতে হবে, বাইরের জগৎকেও জানতে হবে। গ্রন্থাগার ও পরীক্ষাগার ব্যবহার করে নিজের জ্ঞানকে সমৃদ্ধ করতে হবে।
গতকাল শনিবার সকালে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন ইউজিসির চেয়ারম্যান।
ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম বুদ্ধ দাশের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দর খান, পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নুরুল আনোয়ার, দৈনিক পূর্বকোণ-এর সম্পাদক তসলিম উদ্দিন চৗধুরী প্রমুখ।
অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগের সঙ্গে চট্টগ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভূমিকা ছিল। এই প্রতিষ্ঠান নিজস্ব লক্ষ্য ও উদ্দেশ্য সামনে রেখে এগিয়ে যাচ্ছে।