চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাবলিক স্পিকিং কর্মশালা ও চ্যাম্পিয়নশিপ
'শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে'
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, ‘শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শিল্প, সাহিত্য, সংস্কৃতিসহ সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে। তাঁদের নিজেদের জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ করতে হবে। বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন জরুরি।
৬ এপ্রিল ‘দ্বিতীয় পাবলিক স্পিকিং কর্মশালা ও চ্যাম্পিয়নশিপ ২০১৭’–এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের গ্যালারিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের কেন্দ্রীয় ক্লাব ‘ইংলিশ ইউনিয়ন’ এ মাসব্যাপী কর্মশালার আয়োজন করে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সভাপতি কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন মো. সেকান্দর চৌধুরী, প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুকান্ত ভট্টাচার্য, ইংলিশ ইউনিয়নের পরামর্শক রাশেদুজ্জামান, মাহমুদুল হাসান, পরিচালক জুবায়ের আহমেদ, সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক আহমেদ রেজা খান প্রমুখ।
এতে চ্যাম্পিয়ন হয় ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী হাজেরা তানিয়া। প্রথম ও দ্বিতীয় রানার্সআপ হন যথাক্রমে ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফাতেমা তুজ জোহরা ও তৃতীয় বর্ষের মহিউদ্দীন মাহি। চূড়ান্ত প্রতিযোগিতায় ১১ জন বিজয়ীর হাতে অতিথিরা ক্রেস্ট, বই ও মেডেল তুলে দেন।
প্রসঙ্গত, গত ৭ মার্চ শুরু হওয়া এ কর্মশালায় কলা ও মানববিদ্যা অনুষদের ২২০ জন শিক্ষার্থী অংশ নেন।