‘শিক্ষিকা নয়, চাই পুরুষ শিক্ষক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর এলাকার চরনিখলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষিকাকে ছয় মাস ধরে ক্লাস নিতে দেওয়া হচ্ছে না। তাঁর নাম দুলালী বৈশ্য। এ বিষয়ে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতির মন্তব্য, ‘আমরা শিক্ষিকা নয়, চাই পুরুষ শিক্ষক।’দুলালী বৈশ্য জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে গত বছরের ৯ আগস্ট বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে এসে বিদ্যালয়ের পরিচালনা কমিটির বাধার মুখে পড়েন তিনি। পরে যোগদান করেন বটে; কিন্তু তাঁকে আর ক্লাস নিতে দেওয়া হয় না। এভাবেই প্রায় ছয় মাস পার হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারেক মাহমুদ বলেন, ‘প্রশাসনের বদলির নির্দেশ পেয়ে আমি তাঁকে কাজে যোগদানের অনুমতি দিই। কিন্তু পরে এলাকাবাসীর আপত্তির মুখে তাঁকে স্কুলে আসতে নিষেধ করি।’ দুলালী বৈশ্যের এক সহকর্মী বলেন, ‘সরকারি বিধি মেনে তিনি বদলি হয়ে এসেছেন। এখন একটি স্বার্থান্বেষী মহল তাঁকে কর্মস্থলে আসতে দিচ্ছে না। এটা দুঃখজনক ঘটনা।’চরনিখলা প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. শাহজাহান বলেন, ‘আমরা একজন পুরুষ শিক্ষক চেয়েছিলাম, শিক্ষিকা নয়।’ ঈশ্বরগঞ্জের ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বলেন, ‘প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে উপজেলার সোহাগী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে ওই বিদ্যালয়ে বদলি করা হয়। এখন তাঁকে ক্লাস নিতে দেওয়া হচ্ছে না। এটা অনৈতিক।’ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সুলতান মিয়া বলেন, ‘আমাদের হাত-পা বাঁধা, এ বিষয়ে কোনো কিছু না বলাই ভালো।’