'শিক্ষিত শয়তান' রুখতে ইনুর আহ্বান

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু যাঁরা শিক্ষিত হয়েও দেশের ক্ষতি করে তাঁদের ‘শিক্ষিত শয়তান’ বলে মন্তব্য করেছেন। তিনি এ ধরনের শিক্ষিত লোকজনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
মন্ত্রী বলেন, ‘দেশপ্রেম ছাড়া শিক্ষা মূল্যহীন এবং যাঁরা শিক্ষিত হয়েও দেশের ক্ষতি করে, সেই শিক্ষিত শয়তানদের রুখতে হবে।’
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সিদ্ধেশ্বরীতে স্টামফোর্ড ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগের বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের স্বীকৃতি অর্জন উদ্যাপন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। তথ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, দারিদ্র্য, নারী-পুরুষ বৈষম্য, পরিবেশের অভিঘাত এবং জঙ্গি-আতঙ্কের বিরুদ্ধে চার যুদ্ধে লিপ্ত বাংলাদেশকে এগিয়ে নিতে প্রকৌশলীসহ সব শিক্ষিত মানুষের দেশপ্রেম বুকে নিয়ে কাজ করার বিকল্প নেই।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের স্বীকৃতি পাওয়ায় স্টামফোর্ড ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগের সবাইকে অভিনন্দন জানিয়ে নির্মাণ প্রকৌশলকে টেকসই, সবুজ ও ডিজিটাল রূপ দেওয়ার দক্ষতা অর্জনে পুরকৌশলীদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
স্টামফোর্ড ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট অধ্যাপক এম এ হান্নান ফিরোজের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ফাতিনাজ ফিরোজ এবং এ কে এম এনামুল হক। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম ফিরোজ আহমেদ সভায় স্বাগত বক্তব্য দেন।