'শিগগির অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের প্রধান নদী বাঁকখালী দূষণ আর দখলে মৃতপ্রায়। নৌ চলাচলের গতিপথ একেবারেই সংকুচিত হয়ে পড়েছে। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নদীর জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ চলছে। শিগগিরই এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদীটিকে রক্ষা করতে হবে।
গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা নদী রক্ষা কমিটির এক সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম এসব কথা বলেন। এর আগে তিনি বাঁকখালী নদীর বিভিন্ন অংশ ঘুরে দেখেন।
আতাহারুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সরেজমিনে পরিদর্শনের সময় দেখেছি, লোকজন নদীর জায়গায় ঘরবাড়ি তৈরি করছেন। অনেকে তৈরি করেন বহুতল ভবন। এ অবস্থা কোনোভাবেই চলতে দেওয়া যায় না। উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করতে হবে। নইলে সংশ্লিষ্টদের জবাবদিহি করতে হবে।’
জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন, জাতীয় নদী রক্ষা কমিশনের সদস্য মো. আলাউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আনোয়ারুল নাসের, কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান চৌধুরী, পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম, জেলা ক্যাব সভাপতি ফজলুল কাদের চৌধুরী প্রমুখ।
ফজলুল কাদের চৌধুরী বলেন, নদীর দুই তীর দখলের পাশাপাশি শহরের বর্জ্য ফেলা হচ্ছে নদীতে। এতে প্যারাবন মরে যাচ্ছে। ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। আন্দোলন করেও অবৈধ দখলদারদের উচ্ছেদ করা যাচ্ছে না।
সরদার শরিফুল ইসলাম বলেন, বাঁকখালী নদীর সীমানা নির্ধারণ, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বর্জ্য ফেলা বন্ধের ব্যাপারে উচ্চ আদালতের নির্দেশনা থাকলেও তার বাস্তবায়ন হচ্ছে না। তিনি বলেন, ১৩টি নালা দিয়ে পৌর শহরের ময়লা, পানি ও মেডিকেল বর্জ্য বাঁকখালী নদীতে পড়ে। এ কারণে ভূ-অভ্যন্তরীণ পানি বিষাক্ত হয়ে যাচ্ছে। শিগগিরই ব্যবস্থা না নিলে পর্যটন নগরের মানুষ পানির বদলে বিষ খাবে।
জেলা প্রশাসক আলী হোসেন বলেন, অবৈধ দখলদারের সর্বশেষ একটি তালিকা তৈরি করা হয়েছে। সেখানে ৯২ জন দখলদারের নাম উঠে এসেছে। কিন্তু অর্থাভাবে তাঁদের উচ্ছেদে অভিযান চালানো যাচ্ছে না। উচ্ছেদ করতে গেলে ন্যূনতম ৩০ লাখ টাকা দরকার। মন্ত্রণালয়ে বরাদ্দ চাওয়া হয়েছে।
জেলা প্রশাসকের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কমিশন চেয়ারম্যান আতাহারুল ইসলাম বলেন, এসব অজুহাত দেখিয়ে পার পাওয়া যাবে না। যেকোনো মূল্যে বাঁকখালীকে দখলমুক্ত করতে হবে। উচ্চ আদালতের নির্দেশনা মাথায় রাখতে হবে।
পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী বলেন, শহরের বর্জ্য ফেলার জন্য চেইন্দা নামক স্থানে ডাম্পার স্টেশনের নির্মাণকাজ চলছে। জানুয়ারি থেকে নদীতে আর বর্জ্য ফেলা হবে না।
নির্ধারিত এই সময়ের মধ্যে বর্জ্য ফেলা বন্ধ না করলে মেয়রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন কমিশনের চেয়ারম্যান। তিনি বলেন, নালা দিয়ে পৌর শহরের বর্জ্য বাঁকখালীতে যাচ্ছে, সেগুলো পরে সাগরে মিশে যাচ্ছে। সাগরের পানি দূষিত হচ্ছে। দূষিত পানিতে পর্যটকেরা গোসল করে অসুস্থ হয়ে পড়বে। তখন কি আর কক্সবাজার পর্যটন নগর থাকবে?