‘শিগগির পূর্ণোদ্যমে চালু হচ্ছে কার্ডিয়াক সার্জারি বিভাগ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নবনির্মিত পূর্ণাঙ্গ কার্ডিয়াক সার্জারি বিভাগ এবং ২৫০ শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি বলেছেন, দেশের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে এই প্রথম চট্টগ্রামে কার্ডিয়াক সার্জারি বিভাগ চালু হতে যাচ্ছে। আগামী পাঁচ-ছয় সপ্তাহের মধ্যে পূর্ণোদ্যমে এই বিভাগে কাজ শুরু হবে।চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে দ্বিতীয় মেডিকেল কলেজে রূপান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান মন্ত্রী। এ সময় তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘দেশের সবগুলো মেডিকেল কলেজ হাসপাতালে শয্যার তুলনায় রোগী বেশি। আমরা চেষ্টা করছি অবকাঠামোগত উন্নয়নের জন্য।’ দুপুরে মন্ত্রী মেডিকেল কলেজ হাসপাতালে নবনির্মিত ৪৮ শয্যাবিশিষ্ট কার্ডিয়াক সার্জারি বিভাগ ঘুরে দেখেন। ২০১০ সালের শেষের দিকে এই কার্ডিয়াক বিভাগটি চালুর প্রক্রিয়া শুরু হয়। পাঁচতলাবিশিষ্ট কার্ডিয়াক ভবনটির বিভিন্ন কক্ষ পরিদর্শন শেষে মন্ত্রী হাসপাতালের সম্মেলন কক্ষে কার্ডিয়াক বিভাগ ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন। এ সময় চমেক অধ্যক্ষ অধ্যাপক সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফসিউর রহমান, সিভিল সার্জন মো. আবু তৈয়ব, বিএমএ সভাপতি শেখ শফিউল আজম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রীর সামনে কার্ডিয়াক সার্জারি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক নাজমুল হোসেন বিভাগটির খুঁটিনাটি বিষয় তুলে ধরেন। কার্ডিয়াক সার্জারি বিভাগ চালু হলে ৪০ হাজার টাকায় ওপেন হার্ট সার্জারি ও ১০ হাজার টাকায় ক্লোজড হার্ট অস্ত্রোপচার সম্ভব হবে বলে তিনি জানান। মন্ত্রী বলেন, ‘সাময়িকভাবে জাতীয় হূদরোগ ইনস্টিটিউট থেকে কিছু চিকিৎসক ও সেবিকা দিয়ে আমরা কার্ডিয়াক বিভাগ চালু করে দিচ্ছি। কার্ডিয়াক বিভাগের জন্য পর্যাপ্ত জনবল ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় অনুমোদন করেছে। পাঁচ-ছয় সপ্তাহের মধ্যে তা হয়ে যাবে।’ মন্ত্রী বিভিন্ন দেশ থেকে বিশেষজ্ঞদের এনে কার্ডিয়াক বিভাগের চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও জানান। এরপর মন্ত্রী চট্টগ্রাম জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন। এর আগে সকালে স্বাস্থ্যমন্ত্রী চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে লায়ন্স ক্লাবের ১৫তম জেলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সেখানে মন্ত্রী বলেন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে দ্বিতীয় মেডিকেল কলেজে রূপান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।