'শিগগিরই গ্রেপ্তার হবে মুয়াজ্জিন হত্যাকারী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার ঝব্বু খানম জামে মসজিদের মুয়াজ্জিন বিল্লাল হোসেন হত্যার তদন্তে ‘কিছু অগ্রগতি’ হয়েছে বলে দাবি করেছে পুলিশ। তবে হত্যার কারণ এখনো তাদের কাছে অজানা। শিগগিরই হত্যাকারী ধরা পড়বে বলে আশা করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।
গত সোমবার সকালে ঝব্বু খানম মসজিদের সিঁড়ি থেকে বিল্লাল হোসেনের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, হত্যাকারীরা হয়তো নিহত মুয়াজ্জিনের পরিচিত। এর পেছনে আর্থিক সংশ্লিষ্টতা থাকতে পারে।
ওসি আবুল হাসান গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, হত্যার কারণ জানতে এ পর্যন্ত ৩০ থেকে ৪০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কাউকে আটক করা হয়নি। তবে কিছু অগ্রগতি হয়েছে। তিনি বলেন, ‘হত্যার সম্ভাব্য সব কারণ ধরেই আমরা কাজ করছি। এখনো হত্যার কারণ সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি। তবে খুব শিগগির হত্যার রহস্যজট খুলবে এবং অপরাধীদের গ্রেপ্তার করা হবে।’
পুরান ঢাকার ২৪ নম্বর ইসলামপুর রোডের ঝব্বু খানম মসজিদে প্রায় ৩২ বছর ধরে থাকতেন বিল্লাল হোসেন। এ সময় তিনি মুয়াজ্জিন, খাদেম, ইমামসহ মসজিদের বিভিন্ন দায়িত্ব পালন করেন। গত রোববার রাতে এশার নামাজ শেষে বিল্লাল মসজিদ থেকে বের হয়ে যান। ওই রাতের কোনো এক সময় তিনি মসজিদে ফেরেন। সোমবার ফজরের নামাজ পড়তে গিয়ে সারোয়ার নামে স্থানীয় এক মুসল্লি বিল্লালকে রক্তাক্ত অবস্থায় সিঁড়ির ওপর পড়ে থাকতে দেখেন। সকাল পৌনে নয়টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন বিল্লালের ছেলে মো. ইয়াসিন।
এর আগে গত রমজানে একবার আক্রমণের শিকার হয়েছিলেন বিল্লাল হোসেন। সে সময় তাঁকে শ্বাসরোধে হত্যাচেষ্টা করা হয়েছিল। সে যাত্রায় বেঁচে গিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন বিল্লাল। এ সময় হামলাকারীরা বিল্লালের কাছ থেকে ৬৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
বিল্লাল হোসেনের শ্যালক মোহাম্মাদ ফেরদাউস প্রথম আলোকে বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তারা বাদী ইয়াসিনের সঙ্গে কথা বলেছেন। নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা কাউকে সন্দেহ করেন কি না, সে বিষয়ে জানতে চেয়েছেন। তবে তাঁদের কাছে সন্দেহ করার মতো কোনো ব্যক্তি নেই।
ফেরদাউস জানান, গতকাল বিল্লালের গ্রামের বাড়িতে কুলখানি অনুষ্ঠিত হয়েছে। বিল্লাল হত্যার বিচারের দাবিতে কাল রোববার মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে মানিকগঞ্জ ইমাম সমিতির ব্যানারে একটি মানববন্ধন হবে বলে তিনি জানান।