‘শিবির-আতঙ্কে’ অবরুদ্ধ ছাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ঐতিহ্যবাহী সরকারি আজিজুল হক কলেজসংলগ্ন জামিলনগর এলাকার ছাত্রীনিবাসগুলোতে ‘শিবির-আতঙ্ক’ কাটেনি। ছাত্রশিবিরের হুমকির কারণে ভয়ে ওই এলাকার বিভিন্ন ছাত্রীনিবাসের ছাত্রীরা ঘর থেকে বের হতে পারছেন না।শনিবার বিকেলে মানবাধিকার সংস্থা বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল ছাত্রীনিবাসগুলো পরিদর্শন করে। পরিদর্শন শেষে তারা সাংবাদিকদের বলে, শিবির ক্যাডারদের হুমকির কারণে ছাত্রীরা অবরুদ্ধ হয়ে পড়েছেন। তাঁরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছেন না। ছাত্রীরা রাস্তায় বের হলে শিবির ক্যাডাররা তাঁদের সম্ভ্রমহানির হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ছাত্রীরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।এদিকে এ ঘটনায় জড়িত শিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সরকারি আজিজুল হক কলেজের সাবেক ৫১ জন ছাত্রনেতা। শনিবার বগুড়ায় প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়ে পাঠানো এক বিবৃতিতে তাঁরা এ দাবি জানান। অপরদিকে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে জামিলনগর এলাকায় সার্বক্ষণিক পুলিশ মোতায়েনের দাবি জানিয়েছে জাতীয় আইনজীবী পরিষদ।বগুড়ার পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক বলেন, ছাত্রীনিবাসগুলোর নিরাপত্তার বিষয়টি পুলিশ গুরুত্বসহকারে দেখছে। শিবিরের গতিবিধির ওপরও সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। শিবিরের নাটেরগুরুদের গ্রেপ্তারে চেষ্টা চালানো হচ্ছে। ছাত্রীদের নির্বিঘ্নে চলাফেরার জন্য অভয় দেওয়া হচ্ছে। প্রয়োজনে এলাকায় সার্বক্ষণিক পুলিশ মোতায়েন করা হবে বলে জানান তিনি। প্রসঙ্গত, আজিজুল হক কলেজের তিন শতাধিক ছাত্রী জামিলনগর এলাকার অর্ধশতাধিক ছাত্রীনিবাস ও বাড়িতে ভাড়া থেকে লেখাপড়া করছেন। এসব ছাত্রীনিবাস ও বাড়ি থেকে ছাত্রীদের উচ্ছেদের হুমকি দিয়ে আসছে ইসলামী ছাত্রশিবির। ছাত্রীনিবাস ও বাড়ির মালিকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত শুক্রবার জামিলনগর এলাকা থেকে শিবিরের ২০ কর্মীকে আটক করে পুলিশ। এ ঘটনায় ছাত্রীনিবাসের দুজন মালিক বগুড়া সদর থানায় দুটি মামলা করেন।