'শিবিরের' বোমায় দুই পুলিশ আহত
রাজধানীর হাজারীবাগে আজ শনিবার বিকেলে পুলিশের সঙ্গে ‘শিবিরের কর্মীদের’ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শিবিরের কর্মীদের ছোড়া বোমায় এক কর্মকর্তাসহ পুলিশের দুজন সদস্য আহত হয়েছেন। অন্যদিকে পুলিশের গুলিতে আহত হয়েছেন আবদুল মালেক (২৭) নামের এক শিবিরকর্মী।
আহত দুই পুলিশকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ও আবদুল মালেককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাজারীবাগ থানা পুলিশ জানায়, হাজারীবাগের চরকঘাটা নামক স্থানে একটি চারতলা বাড়িতে শিবিরের কর্মীরা বোমা তৈরি করছেন, এমন সংবাদের ভিত্তিতে বিকেল পাঁচটার দিকে পুলিশ সেখানে অভিযান চালায়। উপস্থিতি টের পেয়ে শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে বোমা ছুড়ে মারেন। এতে হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম ও কনস্টেবল আবু সাইদ আহত হন।
এ সময় পুলিশ গুলি চালালে শিবিরকর্মী আবদুল মালেকের ডান পায়ে হাঁটুর নিচে গুলি লাগে। আহত দুই পুলিশ ও আবদুল মালেককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাজারীবাগ থানার সেকেন্ড অফিসার এস আই জিয়াউল হক প্রথম আলো ডটকমকে বলেন, চরকঘাটা এলাকার ওই বাড়িতে বোমা বিস্ফোরণের শব্দ পেয়ে এলাকাবাসী থানায় খবর দেন। ওই সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালাতে গিয়েছিল। তিনি বলেন, গতকাল শুক্রবারও অভিযান চালিয়ে হাজারীবাগের এক বাসা থেকে জামায়াতের দুই রুকনসহ পাঁচজনকে আটক করেছিল পুলিশ। এতে ক্ষিপ্ত হয়েও শিবিরের কর্মীরা এ বোমা হামলার ঘটনা ঘটাতে পারে।