'শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথ কাল থেকেই স্বাভাবিক হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান আশ্বাস দিয়েছেন, কাল সোমবার থেকেই শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে। এদিন থেকে নৌপথটির উভয় পাশ দিয়েই ফেরি চলাচল শুরু হবে। গতকাল শনিবার মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে লৌহজং টার্নিং পয়েন্টে নাব্যতা সংকটের কারণে গত ২০ আগস্ট থেকে ফেরি চলাচল ব্যাহত হয়ে আসছিল। ফলে সম্প্রতি এই নৌপথে খননকাজ শুরু হওয়ায় ফেরি চলাচল বন্ধ ছিল। তবে ১৬ সেপ্টেম্বর থেকে লৌহজং টার্নিং পয়েন্টের একপাশ দিয়ে ফেরি চলাচল শুরু হয়। এতে করে কাওড়াকান্দি থেকে শিমুলিয়া ঘাটগামী ফেরিগুলো স্বাভাবিকভাবে চলছে। কিন্তু শিমুলিয়া থেকে কাওড়াকান্দি ঘাটগামী ফেরিগুলোকে এখনো পাঁচ কিলোমিটার ঘুরে পালেচর ও মাঝিকান্দি হয়ে চলতে হচ্ছে।

গতকাল বেলা ১১টার দিকে শিমুলিয়া ঘাট পরিদর্শনে গিয়ে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ঘোষণা দেন, ২১ সেপ্টেম্বর (কাল সোমবার) থেকে লৌহজং টার্নিং পয়েন্টের দুই পাশই খুলে দেওয়ার মাধ্যমে এই নৌপথে ফেরি চলাচল পুরোপুরি স্বাভাবিক করা হবে। এতে করে ঈদের যাত্রীদের যাতায়াতে আর ভোগান্তি থাকবে না।