দেশের প্রায় ৯০ ভাগ শিল্প ও ব্যবসা এসএমই খাতের আওতাভুক্ত। এ খাত এখন অর্থনৈতিক কর্মকাণ্ডের ৭০ শতাংশ নিয়ন্ত্রণ করছে। মোট শিল্প কর্মসংস্থানের ৮০ থেকে ৮৫ শতাংশ আসছে এ খাত থেকে। রাজশাহীতে এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
গতকাল বুধবার বেলা ১১টায় রাজশাহী নগর ভবনের গ্রিন প্লাজায় পাঁচ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। রাজশাহীসহ দেশের সব বিভাগীয় শহর, জেলা ও প্রত্যন্ত অঞ্চল থেকে ৫০টি এসএমই প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য নিয়ে এসেছে মেলায়।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলম, শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওমর ফারুক চৌধুরী, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান মনি, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইহ্সানুল করিম প্রমুখ বক্তব্য দেন। পরে শিল্পমন্ত্রী রাজশাহী চেম্বার মিলনায়তনে রাজশাহীর ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রি এবং বাজার সম্প্রসারণ এ মেলার অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকেরা। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে।