'শিল্পদূষণে দায়ীরা গণহত্যার দায়ে অভিযুক্ত হবেন'
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সহসভাপতি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেছেন, নদীকে কেন্দ্র করে এ দেশের সভ্যতা গড়ে উঠেছে। নদী নষ্ট হয়ে যাওয়ার অর্থ হবে মানুষের জীবন এক জায়গায় থেমে যাওয়া।
শনিবার সকালে মাধবপুর উপজেলার শাহপুর নতুন বাজার এলাকায় বাপা আয়োজিত জনসভায় সুলতানা কামাল এ কথা বলেন।
সুলতানা কামাল বলেন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী ও তাদের দোসর যুদ্ধাপরাধীরা এ দেশে গণহত্যা চালায়। আজ যাঁরা শিল্পবর্জ্য দিয়ে পরিবেশদূষণের মাধ্যমে অনেক মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছেন, তাঁরাও একদিন গণহত্যার দায়ে অভিযুক্ত হবেন। তিনি বলেন, মানুষের জন্য শিল্পকারখানা, শিল্পকারখানার জন্য তো মানুষ নয়। এ দেশের নদী, বাতাস আর সার্বিক পরিবেশ রক্ষার আন্দোলনে সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে।
হবিগঞ্জে শিল্পদূষণ, পরিবেশ ও মানবিক বিপর্যয় প্রতিরোধে আয়োজিত জনসভায় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান প্রশ্ন রাখেন, জেলায় যেসব শিল্পকারখানা গড়ে উঠেছে, সেগুলো কোন প্রক্রিয়ায় ছাড়পত্র পেয়েছে? এর বৈধতা নিয়ে আইনি চ্যালেঞ্জ করা দরকার। তিনি বলেন, এ ধরনের শিল্পকারখানার ফলে সৃষ্ট দূষণে এলাকার কৃষিব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। তিন ফসলি জমিগুলো বিনষ্ট করে এই শিল্পকারখানা গড়ে উঠছে। এ ধারা রোধ করতে এখনই পরিকল্পনা নেওয়া উচিত।
অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন বাপার কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শরীফ জামিল। বক্তব্য দেন বাপা হবিগঞ্জ জেলা শাখার সহসভাপতি আবিদুর রহমান, বাপা সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল করিম, হবিগঞ্জ জেলা শাখার যুগ্ম সম্পাদক সিদ্দিকী হারুন প্রমুখ।