'শিল্পের উন্নয়নে শ্রমিকদের মানবাধিকার নিশ্চিত করা জরুরি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিক নেতা এবং অন্য প্রতিনিধিরা বললেন, শ্রমিক আর শিল্প বাঁচলেই দেশ বাঁচবে। সেজন্য নিরাপত্তাসহ শ্রমিকদের মানবাধিকার নিশ্চিত করতে দরকার মালিক আর মধ্যস্তরের ব্যবস্থাপনা কর্মকর্তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন।

আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে জাতিসংঘের ব্যবসা ও মানবাধিকার নীতিমালার আলোকে বাংলাদেশের ব্যবসার পরিবেশ উন্নত করতে দক্ষতা বৃদ্ধি নিয়ে একশনএইড বাংলাদেশ-এর একটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তাঁরা। একশনএইডের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে একশনএইড বাংলাদেশের পরিচালক আসগর আলী সাবরী প্রকল্পটির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। তিনি বলেন, পোশাক, চামড়া ও ট্যানারি শিল্পে মানবাধিকার নিশ্চিত করতে রাষ্ট্র, মালিক পক্ষ ও শ্রমিক সংগঠনগুলো কী ধরনের ভূমিকা পালন করবে, এই প্রকল্পের মাধ্যমে সে বিষয়ে সচেতনতা বাড়ানো হবে। অনুষ্ঠানে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান বলেন, শ্রমিকদের চেয়ে মালিকদের মধ্যে দায়িত্ববোধ থাকা বেশি প্রয়োজন। তাঁর মতে জাতিসংঘ নীতিমালার বিষয়ে মালিকদের সচেতনতা বাড়াতে হবে। আর এ জন্য ট্রেড ইউনিয়নের কোনো বিকল্প নেই।

কারখানায় ট্রেড ইউনিয়ন থাকলে শতকরা ৮০ শতাংশ মালিক শ্রমিকদের অধিকার মেনে নেয় বলে জানান ডিপার্টমেন্ট অব ইন্সপেকশন ফর ফ্যাক্টরিজ অ্যান্ড এস্টাব্লিশম্যান্টের জয়েন্ট ইন্সপেক্টর জেনারেল এম জহুরুল হক। তিনি বলেন, শ্রমিক সহিংসতার অধিকাংশ ঘটনার মূলে রয়েছে মধ্যস্তরের অব্যবস্থাপনা। তাই এ স্তরের কর্মকর্তাদের প্রশিক্ষণ অপরিহার্য।

উৎপাদনের মূল চালিকা শক্তি শ্রমিকদের স্বার্থ রক্ষার মাধ্যমেই সামগ্রিক উন্নয়ন সম্ভব বলে মনে করেন ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার-এর সভাপতি রায় রমেশ চন্দ্র। জাতিসংঘের নীতিমালা কেবল প্রচারের মধ্যে সীমাবদ্ধ না রেখে, এটাকে অত্যাবশ্যকীয় অনুষঙ্গ হিসেবে বিবেচনা করতে হবে বলে উল্লেখ করেন তিনি।

শ্রমিকদের সুন্দর কর্ম পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন রেঁনেসা কনসালটেন্সি লিমিটেডের পরিচালক পারভীন এস হুদা।