'শিশু দুনিয়া'র নাসির উদ্দীনকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ায় শিশুদের শিক্ষায় অবদানের জন্য শিক্ষক নাসির উদ্দীনকে (ডান থেকে দ্বিতীয়) গতকাল সম্মাননা ক্রেট তুলে দেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন (বাঁ থেকে তৃতীয়) l প্রথম আলো
কুষ্টিয়ায় শিশুদের শিক্ষায় অবদানের জন্য শিক্ষক নাসির উদ্দীনকে (ডান থেকে দ্বিতীয়) গতকাল সম্মাননা ক্রেট তুলে দেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন (বাঁ থেকে তৃতীয়) l প্রথম আলো

প্রথম আলোর শনিবারের বিশেষ প্রতিবেদন ‘নাসির উদ্দীনের শিশু দুনিয়া’র নায়ক অবসরপ্রাপ্ত শিক্ষক নাসির উদ্দীনকে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন। গতকাল সোমবার দুপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়। জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন নাসির উদ্দীনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এ সময় সেখানে পুলিশ সুপার প্রলয় চিসিম, স্থানীয় সরকারের উপপরিচালক আনার কলি মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব উল ফেরদৌস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলীসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ২৭ ফেব্রুয়ারি প্রথম আলোয় শনিবারের বিশেষ প্রতিবেদনে ‘নাসির উদ্দীনের শিশু দুনিয়া’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। তাতে উল্লেখ করা হয়, প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নাসির উদ্দীন তাঁর বাড়ির আঙিনায় প্রাথমিক বিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের বিনোদন কেন্দ্রে শিশুদের আনন্দ দেন। পাশাপাশি রয়েছে তাদের পড়াশোনার জন্য নানা ধরনের গল্পের বই, ফল-ফুল আর ঔষধি গাছের সমাহার। গ্রামের শিশুদের শৈশবটা যেন আনন্দমুখর হয় এবং তারা যাতে আলোকিত ও প্রকৃতিপ্রেমী মানুষ হয়, ১০ বছর ধরে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন নাসির উদ্দিন।
সংবর্ধনা পর্বে জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেন, প্রতিবেদনটি ছাপা হওয়ার পর মন্ত্রিপরিষদ সচিব চিঠি দিয়েছেন। চিঠিতে আলোকিত মানুষ নাসির উদ্দীনের খোঁজখবর নিয়ে তাঁকে সহায়তা দেওয়ার কথা উল্লেখ করেছেন।
সৈয়দ বেলাল হোসেন আরও বলেন, নাসির উদ্দীনের শিশু দুনিয়াতে কয়েকটি প্রকল্প বরাদ্দ দিয়ে সেখানে আরও উন্নয়ন করে দেওয়া হবে। শিশুদের খেলাধুলার জন্য সামগ্রী ও বসার ব্যবস্থা করে দেওয়া হবে। জেলা প্রশাসক বিভিন্ন সময়ে যেসব বই উপহার পেয়েছেন, সেগুলোও নাসির উদ্দীনের পাঠাগারে দেওয়ার ঘোষণা দেন।
নাসির উদ্দীন তাঁর বক্তব্যে বলেন, তিনি মুঠোফোন ব্যবহার করেন না। যখনই মুঠোফোন কেনার জন্য টাকা জমা করেন, তখনই সেই টাকা দিয়ে শিশুদের জন্য খেলনা কিনে ফেলেন।
নাসির উদ্দীনের এমন কথা শোনার পর জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে একটি মুঠোফোন কিনে তাঁর হাতে তুলে দেন। এ সময় উপস্থিত সবাই করতালি দিয়ে নাসির উদ্দীনকে আলো ছড়ানোর কাজের জন্য বাহবা দেন।
শেষে জেলা প্রশাসক প্রথম আলো ও প্রথম আলোর কুষ্টিয়া প্রতিনিধিকে আলোকিত মানুষের সংবাদ ছাপানোর জন্য ধন্যবাদ দেন।