'শিশু নির্যাতন বন্ধে শাস্তি নিশ্চিত করতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদিন বাংলাদেশে শিশু নির্যাতনের ঘটনা ঘটছে। নির্যাতন বন্ধে আইনের বাস্তবায়ন এবং অপরাধীর শাস্তি নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়াতে হবে।

আজ রোববার সকালে রাজধানীর বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির (এফপিএবি) শহীদ ময়েজউদ্দিন মিলনায়তনে ‘সহিংসতা থেকে শিশুদের রক্ষার জন্য সামাজিক উদ্যোগ’ শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এফপিএবির তিন বছরমেয়াদি এই প্রকল্পের অর্থায়ন করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মশিউর রহমান বলেন, শৈশবে নির্যাতিত হলে, সেই স্মৃতি পূর্ণ বয়সেও তাড়া করে। শুধু আইন করে শিশু নির্যাতন বন্ধ করা যাবে না। সমাজের সবার মানসিকতায় পরিবর্তন আনতে হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পারিবারিক কলহের জেরে অনেক শিশু নির্যাতনের শিকার হচ্ছে। দেশজুড়ে ধর্ষণ, হত্যা, বাল্যবিবাহ, শিশু পাচারের মতো ঘটনা ঘটছে । এমন প্রকল্প শুধু তিনটি মহানগরে পরিচালনা করলে হবে না, সারা দেশে ছড়িয়ে দিতে হবে।

এফপিএবির সভাপতি অধ্যাপক খালেদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাংসদ এস এম মোস্তফা রশিদী, বাংলাদেশে ইইউর অর্থনৈতিক সহযোগিতা শাখার প্রধান অ্যানা লিক্সি, ওয়াহিদা বানু প্রমুখ।

সাধারণত পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রকাশ্য জায়গা, কিশোর উন্নয়ন কেন্দ্র এবং অনাথ আশ্রমে শিশুদের সঙ্গে নির্যাতনের ঘটনা ঘটে থাকে। এই প্রকল্পের উদ্দেশ্য শিশু নির্যাতন বন্ধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সামর্থ্য বাড়ানো, নির্যাতনের শিকার শিশুকে আইনি সহায়তা দেওয়া এবং তাকে সমাজে পুনর্বাসনের জন্য বিস্তৃত ব্যবস্থা নেওয়া।

ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরে এই প্রকল্প পরিচালিত হবে। প্রকল্পের অধীনে ১৭ হাজার ৬৭৫ জন নির্যাতিতকে সরাসরি সুবিধা দেওয়া, তিন লাখ ৬০ হাজার জনগণকে সচেতন করা, শিক্ষক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটিকে শিশু নির্যাতনের নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রকল্পে এফপিএবির চারটি সহযোগী সংগঠন হলো, অপরাজেয় বাংলাদেশ, জাপানিস অর্গানাইজেশন ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন ইন ফ্যামিলি প্ল্যানিং, বাংলাদেশ লিগ্যাল এইডস অ্যান্ড সার্ভিস ট্রাস্ট এবং বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস।