‘শিশু ফকিরের’ অদ্ভুত চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ
কথিত শিশু ফকিরের অদ্ভুত চিকিৎসায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার পূর্ব দুর্গাপুর গ্রামের শাহজাহান বেগম (২০) নামের একজন অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গৃহবধূর স্বামী হারুন-উর-রশীদ জানান, তাঁর স্ত্রী শাহজাহান বেগম কিছুদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন। তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। গত বুধবার কর্তব্যরত চিকিৎসক তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু অর্থাভাবে তা সম্ভব হয়নি। পরে গ্রামের মানুষের পরামর্শে একই দিন দুপুরে তাঁকে উপজেলার গোপালপুর এলাকার কথিত শিশু মামা ফকিরের কাছে নিয়ে যাওয়া হয়। ওই ফকিরের প্রকৃত নাম মেহেদী হাসান। শিশু ফকির ও তার সহযোগীরা প্রথমে শাহজাহান বেগমের মুখের ভেতর জ্বলন্ত মোমবাতি ঢুকিয়ে দেয়। এরপর ব্লেড দিয়ে তাঁর দুই হাতের কনুই থেকে তালু পর্যন্ত দাগ টেনে দেয়। এরপর শুরু হয় তেঁতুলগাছের ডাল দিয়ে বেদম প্রহার। এভাবে টানা পাঁচ ঘণ্টা নির্যাতনের ফলে সাত মাসের অন্তঃসত্ত্বা শাহজাহান জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর শিশু পীর বলে, ‘যা, বাড়ি নিয়ে যা, ঠিক হয়ে যাবে।’ শিশু ফকিরের এ কাজে সহযোগিতা করেন তার মামা মিজান।বাড়িতে নিয়ে আসা হলে ওই গৃহবধূ যন্ত্রণায় ছটফট করতে থাকেন। এভাবে দুই দিন অতিবাহিত হওয়ার পর অবস্থার অবনতি হলে তাঁকে গত বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার তিনি মারা যান। শাহজাহান বেগমের চাচা জাফর আহম্মদ জানান, ময়নাতদন্তের ঝামেলা এড়াতে থানায় অভিযোগ করা হয়নি। দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, চিকিৎসার নামে নির্যাতনের বিষয়টি নির্মম। শিশুটিকে ব্যবহার করে যারা অপকর্ম করেছে, তাদের বিচার হওয়া প্রয়োজন।গতকাল রোববার উপজেলার গোপালপুর গ্রামের মাস্তাননগর এলাকার ওই বাড়ি গিয়ে দেখা গেছে, বুকে একটি কোরআন শরিফ নিয়ে উঠানে বসে আছে পাঁচ বছরের শিশু পীর মেহেদী হাসান। সঙ্গে তার মামা মিজান, সাইফুল এবং আবুল খায়ের নামের মধ্যবয়সী এক ব্যক্তি। চিকিৎসার বিষয়ে জানতে চাওয়া হলে কোনো জবাব দেয়নি কথিত শিশু পীর মেহেদী হাসান। এর কিছুক্ষণ পর তাকে কোলে নিয়ে বাড়ির উঠানে বসেন তার মামা মিজান। তিনি জানান, এই পীরের পানি পড়ায় অসংখ্য লোক ভালো হয়েছে। শারীরিক নির্যাতনে শাহজাহান বেগমের মৃত্যু সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, রোগীকে ভালো করার জন্য এসব করা হয়েছে। তাকে তো আসতে বলা হয়নি।এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বছর খানেক আগে মেহেদী হাসান অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে বাড়ি ফেরার পর সে আবোল-তাবোল বকতে থাকে। তখন প্রচার করা হয়, সে পীর হয়ে গেছে। এলাকার মানুষও সরল মনে তা বিশ্বাস করে। এরপর তার আত্মীয়রা তাকে দিয়ে নানা অপচিকিৎসা চালাতে থাকে। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইফতেখার হাসান জানান, এ ধরনের কোনো খবর তাঁদের জানা নেই। কেউ থানায় অভিযোগও দায়ের করেনি।