'শিশু সুরক্ষা' মানে হলো ভবিষ্যৎ সুরক্ষা করা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘শিশু সুরক্ষা’ মানে হলো ভবিষ্যৎ সুরক্ষা করা। শিশুদের সুরক্ষার কাজটি করলে তার প্রতিদান নগদ পাওয়া যায় না। প্রতিদান পাওয়া যাবে পরে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে শিশু সুরক্ষায় সেরা প্রতিবেদন নির্বাচন ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাসানুল হক এসব কথা বলেন। প্রথম আলোর কারওয়ান বাজার কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি পুরস্কারপ্রাপ্তদের পুরস্কার তুলে দেন।
প্রথম আলো ও ওয়ার্ল্ড ভিশন গণমাধ্যমের সাংবাদিকদের জন্য এ প্রতিযোগিতার আয়োজন করে। পুরস্কারের জন্য লেখা আহ্বানের আগে গত বছর সাংবাদিকদের জন্য শিশুবিষয়ক প্রতিবেদন লেখার ওপরে প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে ৩০ জন সাংবাদিক অংশ নিয়েছিলেন।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অনারারি অধ্যাপক সাখাওয়াত আলী খান বলেন, ‘শিশুরাই জাতির ভবিষ্যৎ—এটি বহুল উচ্চারিত কথা। কথাটিকে অর্থবোধকভাবে সবাই উচ্চারণ করলে রাস্তায় এত অবহেলিত শিশুর দেখা পাওয়া যেত না।’
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। প্রতিযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ওয়ার্ল্ড ভিশনের অ্যাডভোকেসি ডিরেক্টর চন্দন জেড গোমেজ।
যাঁরা পুরস্কার পেলেন: দৈনিক ইত্তেফাক-এর নিজস্ব প্রতিবেদক মোরশেদা ইয়াসমিন প্রথম পুরস্কার, যুগান্তর-এর নিজস্ব প্রতিবেদক শিপন হাবীব দ্বিতীয় এবং ভোরের কাগজ-এর জ্যেষ্ঠ প্রতিবেদক ঝর্ণা মণি তৃতীয় পুরস্কার পেয়েছেন। প্রথম পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৩০ হাজার এবং তৃতীয় পুরস্কার হিসেবে ২০ হাজার টাকার চেক দেওয়া হয়েছে। এ ছাড়া পুরস্কারপ্রাপ্তরা একটি ক্রেস্ট ও সনদ পেয়েছেন।