'শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো আয়োজিত ‘আসুন শিশুদের পাশে দাঁড়াই’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকেরা। আজ সোমবার প্রথম আলো কার্যালয়ে এই গোলটেবিল বৈঠক হয়। ছবি: সাহাদাত পারভেজ
প্রথম আলো আয়োজিত ‘আসুন শিশুদের পাশে দাঁড়াই’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকেরা। আজ সোমবার প্রথম আলো কার্যালয়ে এই গোলটেবিল বৈঠক হয়। ছবি: সাহাদাত পারভেজ

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ শে ফেব্রুয়ারি’ গানটির মধ্যে আছে (এই লাইনটি প্রভাতফেরিতে গাওয়া হয় না) ‘শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা’। কিন্তু দেশে বীভৎস কায়দায় একের পর এক শিশু হত্যা ও নির্যাতনের যে ঘটনা ঘটছে তা আমাদের নাড়িয়ে গেলেও হত্যাকাণ্ডগুলো ঘটেই চলছে। মানুষের এ ধরনের অমানবিক ও নিষ্ঠুর আচরণের পেছনে বিচারহীনতার সংস্কৃতি কাজ করছে।
আজ সোমবার দুপুরে প্রথম আলো আয়োজিত ‘আসুন শিশুদের পাশে দাঁড়াই’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আলোচকেরা এ সব কথা বলেন।
রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে আয়োজিত বৈঠকটি সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম ও ফিচার সম্পাদক সুমনা শারমীন।
গোলটেবিল বৈঠকে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, একটা ধারণা ছিল বাঙালি জাতিগতভাবে সংগীতপ্রিয়, শান্তিপ্রিয়। কিন্তু বর্তমানে যে ঘটনাগুলো ঘটছে তাতে বাঙালির শান্তিপ্রিয়তার বিষয়টি এখন প্রশ্নের মুখোমুখি। বর্তমানে শিশুরা হতাশাজনক অবস্থার মধ্যে অবিবেচনার শিকার হচ্ছে। এ ধরনের পরিস্থিতিতে শিশুদের প্রতিকার পাওয়া দুরূহ।

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, মোটাদাগে শিশুর প্রতি নির্যাতন কেন হচ্ছে তার উত্তরে বলা যায় আমরা সামাজিক অস্থিরতার মধ্যে চলছি। অস্থিরতা অসহিষ্ণুতার জন্ম দিচ্ছে। কোনো কিছুতেই কারও ধৈর্য থাকছে না। একটা কিছু হেস্তনেস্ত করে দেওয়ার মানসিকতার তৈরি হচ্ছে। আর এর কারণ হিসেবে এক নম্বরেই বিচারহীনতার কথা বলা যায়। অপরাধ করে পার পাওয়া যায়, অপরাধীর শাস্তি হবেই তা কেউ উচ্চারণ করতে পারছে না। ফলে অপরাধীরা উৎসাহিত হচ্ছে। তারা ভেবেই নিচ্ছে অপরাধ করা কোনো বিষয় নয়।
আইন ও সালিস কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, মুক্তিযুদ্ধের চিন্তা চেতনায় ‘সব মানুষের সমান অধিকার’ কথাটি সব সময় ছিল। তবে বাস্তব জীবনে কাজের মধ্যে তার কতটুকু পরিস্ফূটন ঘটেছে তা নিয়ে চিন্তা ভাবনার অবকাশ আছে। এ মুহূর্তে যা ঘটছে তাকে সামাল দিতে সবাই ব্যস্ত হয়ে পড়ছে। তিনি বলেন, বিচারহীনতার কারণেই অপরাধ প্রবণতা বাড়ছে। অপরাধীরা বার্তাটা পেয়ে যাচ্ছে যে, কিছুই হবে না।
গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী বলেন, যেকোনো নাগরিকের স্বাভাবিক মৃত্যু নিশ্চিত করার ক্ষেত্রে কোনো ভাবেই ছাড় দেওয়া যাবে না। অপরাধীদের শাস্তির আওতায় না এনে পাশ কাটিয়ে যাওয়া ফলেই বিচারহীনতার সংস্কৃতি তৈরি হচ্ছে। তিনি বলেন, শিশুর সুরক্ষা দিতে রাষ্ট্র প্রতিজ্ঞাবদ্ধ।
বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান কথা সাহিত্যিক সেলিনা হোসেন বলেন, সমাজ এক ধরনের মানবিক বিপর্যয়ের মধ্যে চলছে। শুধু আইন বা পুলিশ দিয়ে এ ধরনের বিপর্যয় রোধ করা যাবে না, নাগরিক সমাজকেও দাঁড়াতে হবে। যৌথভাবে কাজ করলে রক্ষা পাওয়া সম্ভব।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম বলেন, একটার পর একটা নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে। এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলার উপায় নেই। ঘটনাগুলো অনেকগুলো বিষয়ের সমন্বয়ে ঘটছে। ঘটনা ঘটছে, কিন্তু কেউ প্রতিবাদ করছে না। দাঁড়িয়ে দেখছে বা মুঠোফোনে ছবি তুলছে। তার কারণ, সবাই যার যার নিজের নিরাপত্তার কথা ভাবছে। বিচার ব্যবস্থার ওপর আস্থা নেই বলেই এ ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের পরিচালক অধ্যাপক মাহবুবা নাসরীন বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের একটি হেল্প লাইন আছে, কিন্তু তা বেশির ভাগ মানুষ জানে না। ৬৪ জেলায় জেলা মনিটরিং কমিটি কাজ করছে। এই কমিটিগুলো কী কাজ করছে তা নজরদারির আওতায় আনতে হবে।
পুলিশের এআইজি (এডমিন) রখফার সুলতানা খানম বলেন, বর্তমানে শিশু হত্যাসহ নির্যাতনের কিছু অমানবিক ঘটনা ঘটছে। তবে ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা। এই ধরনের অপরাধ যারা করছে তারা ক্রিমিনাল, ডাকাত বা চোর সে ধরনের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
বাংলাদেশ শিশু অধিকার ফোরামের পরিচালক আবদুছ সহিদ মাহমুদ বলেন, বাংলাদেশের মতো অন্যান্য দেশেও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে। তবে পার্থক্য হলো, উন্নত দেশে দ্রুত বিচার হয়, বাংলাদেশে শিশু নির্যাতনকে অন্যান্য অপরাধের মতোই মনে করা হয়। তিনি শিশু সংক্রান্ত মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের সুপারিশ করেন।
ফিচার সম্পাদক সুমনা শারমীন শিশুর বিষয়টি গণমাধ্যমসহ সবাই প্রায়রিটি বা অগ্রাধিকার দিচ্ছে কি না তা নিয়ে প্রশ্ন তোলেন। শুধু বড় ঘটনা ঘটলেই সবাই সক্রিয় হচ্ছে বা প্রতিবাদ করছে কি না তা দেখতে হবে। সবাই আরেকটা রাজন হত্যার অপেক্ষায় আছে কি না তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
এ ছাড়া খুলনার আইনজীবী ও মানবাধিকারকর্মী মোমিনুল ইসলাম, সিলেটের মানবাধিকারকর্মী লক্ষ্মীকান্ত সিংহ ও রাজধানীর ভিকারুন নিসা নূন স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী যারিন মুসাররাত মানিতা গোলটেবিল বৈঠকে বক্তৃতা দেন।