'শিশু হত্যার বিরুদ্ধে রুখে দাড়ান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ফাইল ছবি
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ফাইল ছবি

শিশু হত্যার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ বুধবার সিলেটে পিটুনিতে মারা যাওয়া শিশু শেখ মো. সামিউল আলম রাজনের বাড়ি গিয়ে এলাকাবাসীর উদ্দেশে বক্তব্য রাখেন তিনি।

বিকেল চারটার দিকে সিলেটের বাদেয়ালি গ্রামে সামিউলের পরিবারের সঙ্গে দেখা করতে যান শিক্ষামন্ত্রী। এ সময় তিনি সামিউলের পরিবারকে ৫০ হাজার টাকা অর্থসহায়তা দেন। বর্বরোচিত ওই হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি। এ সময় সামিউলের বাড়িতে এলাকাবাসী সমবেত হলে শিক্ষামন্ত্রী তাঁদের শিশু হত্যার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক দেন।

সামিউল ছাড়াও পর পর কয়েকটি শিশু হত্যার ঘটনা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘এই যে বর্বরোচিত-অমানবিক ঘটনার প্রসার ঘটছে, যখন-তখন মানুষকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। এসব মোকাবিলা করার জন্য আইন অবশ্যই একটি বড় পথ। তবে মানবিক মূল্যবোধ জোরদার করলে জনসচেতনতাও সৃষ্টি হবে। শুধু আইনের দিকে তাকিয়ে থাকলে হবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের সবার মধ্যে অন্যায়-বর্বরোচিত কর্মকাণ্ড মোকাবিলা করার সাহস রাখতে হবে। এ জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’

এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সরকারি কৌঁসুলি (পিপি) মিসবাহউদ্দিন সিরাজ, সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন, মহানগর পুলিশ কমিশনার কামরুল আহসান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।

সিলেটের কুমারগাঁও বাসস্ট্যান্ডে গত ৮ জুলাই সিলেটের জালালাবাদ থানার বাদেয়ালি গ্রামের মাইক্রোবাসচালক শেখ মো. আজিজুর রহমানের ছেলে সবজি বিক্রেতা সামিউল আলম রাজনকে চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মামলা হলে প্রায় এক মাসের মাথায় সিলেটের মহানগর গোয়েন্দা পুলিশ তদন্ত শেষে ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে।