‘শিশুকে আদর যত্ন দিতে হবে’
‘শিশুকে মায়ের আদর-যত্ন দিতে হবে। কোনো অপরাধে জড়িত হলে তার সঙ্গে এমন আচরণ করা যাবে না, যাতে সে শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ব্যাপারে বিশেষ ভূমিকা রাখতে হবে।’ প্রথম আলোয় কিশোরগঞ্জ থেকে ২০১০ সালের ২৫ জানুয়ারি মাদক ব্যবসায় ব্যবহার ‘কারাগারে ঠাঁই হলো অবুঝ তিন শিশুর’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সারা দেশে সংবাদটি আলোড়ন সৃষ্টি করে। এ সংবাদের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট স্বঃপ্রণোদিত হয়ে বিচারক, পুলিশসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রুল জারি করেন। পরে হাইকোর্ট আইনের আওতায় শিশুর সুরক্ষায় একটি যুগান্তকারী রায় দেন। গতকাল মঙ্গলবার কিশোরগঞ্জ পুলিশ সুপারের সম্মেলনকক্ষে ‘আইনের সংস্পর্শে আসা শিশুর সুরক্ষায় করণীয়’ শীর্ষক কর্মশালায় বক্তারা বলেন, মফস্বলের একটি সংবাদ সারা দেশে আলোড়ন সৃষ্টি করতে পারে এবং তা সমাজব্যবস্থার অসংলগ্নতাকে দূর করতে পারে। প্রথম আলোর সংবাদটি উদাহরণ হিসেবে থাকবে বলে তাঁরা মন্তব্য করেন।অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সমিতি, বাংলাদেশ আয়োজিত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পুলিশের সাবেক মহাপরিদর্শক ও বাংলাদেশ আইন কমিশনের সদস্য মো. এনামুল হক। পুলিশ সুপার মীর রেজাউল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান, সাবেক পুলিশ সুপার ও সমিতির কোষাধ্যক্ষ কংশধর তরফদার, সমাজকল্যাণ কর্মকর্তা মো. মামুন আল কবির, বিশেষ সরকারি কৌঁসুলি এম এ আফজাল, নারীনেত্রী নাযমুন নাহার, জেলার মহিলা পরিষদের সভানেত্রী রাজিয়া সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার লিটন সাহা প্রমুখ। প্রবন্ধে শিশুর সংজ্ঞা, শিশুর পরিচর্যা, শিশুর প্রতি মানবিক আচরণ, আসামি হিসেবে শিশুদের প্রতি পুলিশের ব্যবহার, আচরণ, সেবাসহ বিভিন্ন দিক তুলে ধরা হয়। পরে কর্মশালায় উপস্থিত সবাই শিশুদের বিষয়ে বিশেষ ভূমিকা রাখবে বলে অঙ্গীকার করেন।