'শিশুটি বাবা ডাকার সুযোগ পেল না'
রাজধানীর গুলশানে রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় নিহত ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী কমিশনার রবিউল করিমের স্ত্রী উম্মে সালমা একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। গত রোববার দিবাগত রাতে ঢাকার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মা হন। সন্তানের মুখ দেখার পর সালমা আক্ষেপ করেন, ‘শত কষ্টের মাঝেও এই সন্তান সামান্য হলেও পরিবারে আনন্দ বয়ে এনেছে। কষ্ট শুধু একটাই, শিশুটি বাবা ডাকার সুযোগ পেল না।’
গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার সময় নিহত হন রবিউল করিম। এর ঠিক এক মাস পর পৃথিবীর আলো দেখল তাঁর সন্তান।
পরিবারের সদস্যরা জানান, রোববার সন্ধ্যায় সালমাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ১২টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর মেয়ের জন্ম হয়।
রবিউলের ছোট ভাই শামসুজ্জামান শামস বলেন, ‘ভাইয়ার খুব ইচ্ছে ছিল তাঁর একটি মেয়ে হোক। মেয়ে সন্তান হলো ঠিকই, কিন্তু ভাইয়া দেখে যেতে পারলেন না।’
হাসপাতাল সূত্র বলেছে, অস্ত্রোপচারের পর মা সুস্থ থাকলেও সদ্যোজাত শিশুটি ত্বকে এক ধরনের সমস্যা নিয়ে জন্মায়। এ কারণে তাকে (শিশু) হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক শাহীন আক্তারের অধীনে নবজাতকদের নিবিড় পরিচর্যাকেন্দ্রে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে শাহীন আক্তার বলেন, ত্বকে ইক থায়োসিস নামক এক ধরনের ত্রুটি নিয়ে জন্মেছে শিশুটি। এটি জন্মগত সমস্যা। তবে শঙ্কার কোনো কারণ নেই। হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের প্রধান মো. রোকনউদ্দিন তাঁর চিকিৎসা করছেন।
রবিউল-সালমা দম্পতির আরও একটি সন্তান রয়েছে। ছয় বছর বয়সী সে সন্তানের নাম সামিউল করিম।