'শিশুদের উপদ্রবহীনভাবে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে'
প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, শিশুদের উপদ্রবহীনভাবে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে। তাদের সময় দিয়ে ধৈর্য ধরে নিয়ন্ত্রণ করার কৌশল অবলম্বন করতে হবে।
শারীরিক শাস্তি বন্ধের লক্ষ্যে আজ রোববার রাজধানীর দি ডেইলি স্টার ভবনের একটি হলে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), গণসাক্ষরতা অভিযান ও সেভ দ্য চিলড্রেন আয়োজিত এক গোলটেবিল বৈঠকে মোস্তাফিজুর রহমান বক্তব্য দেন।
সভাপতির বক্তব্যে গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, ‘শৃঙ্খলা রক্ষার নামে শারীরিক শাস্তি প্রদানকে বৈধতা দান কারি ব্রিটিশ আমলের রেলওয়ে আইন, চাবুক আইনসহ বিভিন্ন আইন গণতান্ত্রিক বাংলাদেশে থাকতে পারে না। এগুলো অবিলম্বে বাতিল করা প্রয়োজন।’
সেভ দ্য চিলড্রেন এর পরিচালক (শিশু সুরক্ষা) লায়লা খন্দকার বলেন, মা-বাবা ভাবছে শারীরিক শাস্তি দিলে শিশু সঠিকভাবে বেড়ে উঠবে। তবে এটা মোটেও ঠিক নয়। শারীরিক শাস্তি শিশুর ভবিষ্যৎ জীবন ক্ষতির দিকে নিয়ে যায়। এ জন্য শিশুদের শাস্তি প্রদানের বিষয়টিকে সামাজিকভাবে অগ্রহণযোগ্য করে তুলতে হবে। ব্লাস্টের সম্মানিত নির্বাহী পরিচালক সারা হোসেন শিশুদের শারীরিক শাস্তি বন্ধে সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে ব্লাস্টের অ্যাডভোকেসি ও গবেষণার উপদেষ্টা সোমা রায় চৌধুরী সরকার, সুশীল সমাজ ও জাতীয় মানবাধিকার কমিশনের করণীয় সম্পর্কে বিভিন্ন সুপারিশমালা তুলে ধরেন।
বৈঠকে আরও বক্তব্য দেন জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক (অভিযোগ ও তদন্ত) শরীফ উদ্দিন, আইন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব আরিফুল কায়সার প্রমুখ।