'শিশুদের উপযোগী বই বেশি করে সরবরাহ করুন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে আইডিয়াল কেজি স্কুলে ১০ ফেব্রুয়ারি প্রথমবারের মতো ছোট পরিসরে (মিনি) বইমেলার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে এক দিনের এ মেলার উদ্বোধন করেন জিনবিজ্ঞানী আবেদ চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে আবেদ চৌধুরী বলেন, গ্রামাঞ্চলে প্রয়োজনীয় সহায়তা দিয়ে উদ্যোগ নিয়ে পাঠক তৈরি করতে হবে। এ জন্য প্রত্যন্ত অঞ্চলে ভাষার মাস ফেব্রুয়ারিতে ছোট আকারে হলেও বইমেলার আয়োজন করা দরকার। আর এসব মেলায় শিশুদের উপযোগী বই বেশি করে সরবরাহ করতে লেখক ও প্রকাশকদের এগিয়ে আসতে হবে।
আবেদ চৌধুরী এ এ টি এম বহুমুখী উচ্চবিদ্যালয় ও হাজী মো. উস্তওয়ার বালিকা উচ্চবিদ্যালয়ে দুটি বই রাখার তাক প্রদান করেন। এ ছাড়া তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী ৫৫ জন শিক্ষার্থী এবং মেধা প্রতিযোগিতায় বিজয়ী দুই শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন।
আইডিয়াল কেজি স্কুলের আয়োজনে বইমেলাটি অনুষ্ঠিত হয়।