‘শিশুদের ভয় দেখানো যাবে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়ে পাঠাতে শাসন ও ভয়ভীতি না দেখিয়ে শিশুর সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। বিশেষ করে, আদিবাসী ও সমাজের মূল স্রোতধারার বাইরে সুবিধাবঞ্চিত শিশুদের যত্ন নিয়ে বুদ্ধির বিকাশ যতটা সম্ভব, বৈরী আচরণে তা মোটেও সম্ভব নয়। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় সিলেটে কারিতাস ও গণসাক্ষরতা অভিযান আয়োজিত ‘প্রাকৈশশব যত্ন ও শিক্ষা’বিষয়ক (ইসিসিই) সচেতনতা বিকাশবিষয়ক মতবিনিময় সভায় বক্তারা এ মত ব্যক্ত করেন। গতকাল শনিবার নগরের ইউসেপ মিলনায়তনে দিনব্যাপী কর্মশালা শেষে মতবিনিময় সভা হয়। এতে বক্তারা বলেন, প্রাকৈশশব বিকাশমূলক কর্মসূচি, শিশুর বিকাশ, শিশু লালন-পালনের ক্ষেত্রে পরিচর্যাকারীর দক্ষতা উন্নয়নসহ প্রয়োজনীয় সেবা দিতে হবে। আর তখনই শিশুর কাছে শিক্ষা আনন্দদায়ক হবে। ঝরে পড়ার হার কমবে। অন্যদিকে মূল স্রোতের বাইরের সিলেটের আদিবাসী ও চা-জনগোষ্ঠীসহ হাওরপারের মানুষকে এ বিষয়ে উৎসাহিত ও সচেতন না করলে ঝরে পড়া কমবে না। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলম। কারিতাস ‘আলোঘর’ প্রকল্পের আঞ্চলিক ব্যবস্থাপক পিউস নানোয়ারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মনোয়ার মোর্শেদ, সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হযরত আলী। কারিতাস বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও উন্নয়ন পরিচালক জ্যোতি এফ গমেজের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাথমিক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) সিলেটের প্রশিক্ষক মো. আমিনুল হক ও বেসরকারি সংস্থা এফআইভিবির গবেষক মো. সালাউদ্দিন মল্লিক। কারিতাস সিলেটের অঞ্চল ব্যবস্থাপক সেলেস্টিন শিশির ম্রির স্বাগতিক বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া কর্মশালায় প্রেক্ষাপট তুলে ধরেন গণসাক্ষরতা অভিযানের উপকার্যক্রম ব্যবস্থাপক মিজানুর রহমান আকন্দ। উপস্থাপিত প্রেক্ষাপটের ওপর মুক্ত আলোচনা করেন সিলেট জেলার সমাজসেবা কর্মকর্তা ইব্রাহিম আলম, সিলেট পিটিআইয়ের প্রশিক্ষক শামিম আরা বেগম, কারিতাস আইসিডিপির কর্মসূচি কর্মকর্তা বনিফাস খংলা প্রমুখ।