'শিশুবান্ধব দেশ চাই'

দেশে সব ধরনের শিশু নির্যাতন ও হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জের ভৈরবে গতকাল শুক্রবার সকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শিশুরা। শিশু সংগঠন কাকলি খেলাঘর আসর ভৈরব শাখা এ কর্মসূচির আয়োজন করে।
সকাল ১০টায় স্থানীয় বাংলাদেশ রেলওয়ে উচ্চবিদ্যালয়-সংলগ্ন সড়ক থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান শহীদ মিনারে গিয়ে শেষ হয়। ‘শিশুবান্ধব দেশ চাই’ স্লোগানসহ দাবির পক্ষে তাদের হাতে ছিল নানা স্লোগান-সংবলিত প্ল্যাকার্ড, পোস্টার ও ফেস্টুন।
শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শরীফ আহমেদ। শিশুদের মধ্যে ষষ্ঠ শ্রেণির জয়া রানী বর্মণ, রুপা মণি ও বিন্নাত বেগম বক্তব্য দেয়। রুপার মতে, শিশুমনকে বুঝতে না পারাও একধরনের নির্যাতন। শ্রমজীবী শিশুরাই বেশি নির্যাতনের শিকার হচ্ছে। সম্প্রতি ঘটে যাওয়া আলোচিত কয়েকটি শিশু নির্যাতনের ঘটনা মনে করিয়ে দিয়ে রুপা বলে, ‘ বড়রা ভুলে যায়, তারাও একসময় শিশু ছিল।’
শিশু রাজন ও রবিউলের ওপর চালানো নির্যাতন সারা দেশের শিশুদের ভয় পাইয়ে দিয়েছে উল্লেখ করে বিন্নাত বলে, ‘এখন অপরিচিত বড়দের দেখলে ভয় লাগে। আইনের প্রয়োগ ও বড়দের সহানুভূতি জাগ্রত থাকলে ঘরে-বাইরে শিশু নির্যাতন রোধ করা সম্ভব। আমরা শিশুবান্ধব বাংলাদেশ চাই।’
আরও বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি সত্যজিৎ দাস, মোক্তার হোসেন, সেলিম মিয়া ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
শিশুদের দাবির প্রতি সহমত জানিয়ে কাকলি খেলাঘর আসর ভৈরব শাখার শরীফ আহমেদ বলেন, সম্প্রতি শিশু নির্যাতনের ঘটনাগুলো সামাজিক অবক্ষয়ের প্রমাণ বহন করে। অতীতে শিশু নির্যাতনকারীদের যথাযথ বিচার হয়নি বলেই নির্যাতনের মাত্রা দিন দিন বাড়ছে। নানা কারণে সমাজে হিংস্রতা বাড়ছে। মনুষ্যত্ববোধ কমে যাচ্ছে। মানুষ যন্ত্রে পরিণত হচ্ছে। এসব নেতিবাচক প্রতিক্রিয়ার সবচেয়ে বেশি শিকার শিশুরা। এ রকম বাস্তবতায় শিশুদের প্রতি রাষ্ট্র ও নাগরিকদের সহনশীল হতে হবে। তা না হলে শিশুরা নিরাপদ বোধ করবে না।