'শিশুসাহিত্যের ভবিষ্যৎ আশাপ্রদ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা শিশুসাহিত্যের অতীত গৌরবজনক। বর্তমান চর্চাও হতাশ হওয়ার মতো নয়। ভবিষ্যৎ আশাপ্রদ। গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম নগরের শিল্পকলা একাডেমিতে ‘বাংলা শিশুসাহিত্য প্রকাশনার ২০০ বছর’ শীর্ষক এক সেমিনারে এ মন্তব্য করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
বাংলা শিশুসাহিত্য প্রকাশনার ২০০ বছর পূর্তিকে সামনে রেখে চট্টগ্রামে দুই দিনব্যাপী শিশুসাহিত্য সম্মেলনের আয়োজন করেছে চন্দ্রাবতী একাডেমি। সম্মেলনের দ্বিতীয় দিনের এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিশুসাহিত্যিক আলী ইমাম। আলোচনায় অংশ নেন শিল্পী রফিকুন নবী, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, শিশুসাহিত্যিক খালেক বিন জয়েনউদ্দিন, শিশুসাহিত্যিক সুজন বড়ুয়া, কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী ও শিশুসাহিত্যিক আহমদ মাযহার। সভাপতিত্ব করেন প্রাবন্ধিক মাহবুবুল হক।
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, বাংলা শিশুসাহিত্য সম্পর্কে যথেষ্ট একাডেমিক আলোচনা হয়নি। তবে বাংলা শিশুসাহিত্যের ভবিষ্যৎ আশাপ্রদ।
মূল প্রবন্ধে আলী ইমাম বাংলা শিশুসাহিত্যের ইতিবৃত্ত তুলে ধরে বলেন, ১৮১৮ সালে দিগদর্শন সাময়িকীর মাধ্যমে বাংলা শিশুসাহিত্যের সূচনা হয়। পরবর্তী সময়ে সৃজনশীল লেখকদের কলমে সমৃদ্ধ হয়েছে এই সাহিত্য। রূপান্তরিত হয়েছে প্রবহমান নদীতে।
রফিকুন নবী বলেন, শিশুতোষ গ্রন্থের সঙ্গে অলংকরণের বিষয়টি জড়িত। অলংকরণ ছাড়া শিশুদের বই চিন্তা করা যায় না। তবে শিশুদের জন্য কাজ করা কঠিন। তারা একটা ফ্যান্টাসিতে (কল্পনার জগৎ) থাকে। ফ্যান্টাসিটা বুঝতে পারা সহজ নয়। তাই অলংকরণও অত সহজ নয়।
সেলিনা হোসেন বলেন, শিশুদের মধ্যে মানবিক চেতনাবোধ কিংবা মনুষ্যত্বকে জাগ্রত করার জন্য শিশুসাহিত্য দরকার। জাতির মননশীলতার জায়গা তৈরির জন্য শিশুসাহিত্য খুবই গুরুত্বপূর্ণ।
মাহবুবুল হক বলেন, শুধু লিখলেই শিশুসাহিত্য হয় না, শিশুদের জন্য উপযুক্ত জগৎ যদি তৈরি করা না যায়, তাদের মুগ্ধ করা না যায়, তাহলে কিছুই হবে না। বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠনে শিশুসাহিত্য ততটা মনোযোগ পায়নি।
সেমিনারে চন্দ্রাবতী একাডেমির নির্বাহী পরিচালক কামরুজ্জামান কাজল শিশুসাহিত্যের ২০০ বছরকে সামনে রেখে প্রথম পর্যায়ে বের হওয়া ১৮টি বইয়ের নাম পড়ে শোনান। তিনি বলেন, ২০০ বছর পূর্তি উপলক্ষে দুই বছরব্যাপী অনুষ্ঠানমালা করবে একাডেমি। পাশাপাশি শিশুসাহিত্যের ওপর ২০০টি বই বের করবে।
পরে অতিথিরা প্রথম পর্যায়ে প্রকাশিত ১৮টি বইয়ের মোড়ক উন্মোচন করেন।