‘শিহাবের মতো আর কোনো শিক্ষার্থী যেন ঝরে না পড়ে’
‘যে শিক্ষার্থী উচ্চশিক্ষার আকাঙ্ক্ষা নিয়ে উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানে পদার্পণ করবে, সে যেন তা সমাপ্ত করতে পারে। শিহাবের মতো আর কোনো শিক্ষার্থী যেন অকালে ঝরে না পড়ে—কোনো মায়ের বুক খালি না হয়।’ সিলেট মদনমোহন কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের আল মামুন শিহাব (১৮) হত্যার প্রতিবাদে গতকাল শনিবার দুপুরে কলেজের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা এ আহ্বান জানান। গত মঙ্গলবার রাতে সিলেট নগরের জিন্দাবাজার এলাকার বিপণিবিতান কাজী ম্যানশনে পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে আল আমিন শিহাব (১৮) খুন হন। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল কলেজের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের আহ্বানে মানববন্ধন হয়। মানববন্ধনে কলেজের অধ্যক্ষ কৃপাসিন্ধু পাল, উপাধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ ছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ, মদনমোহন কলেজ পরিচালনা কমিটির সদস্য ও মদনমোহন কলেজের ছাত্র সংসদের নেতারা একাত্ম হয়ে বক্তৃতা দেন।