বগুড়ার শিবগঞ্জ উপজেলার ধোন্দাকোলা গ্রামের আবুল হোসেন (৪৫) তিন বিঘা জমিতে এবার আলুর আবাদ করেছেন। কিন্তু প্রায় মাস খানেক হলো কনকনে ঠান্ডা বাতাস ও কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় তাঁর আলুখেতে নাভিধসা বা ‘শীতকাটা’ রোগ দেখা দিয়েছে। এতে বেড়ে ওঠা আলুগাছগুলো কুঁকড়ে যাচ্ছে। বাজার থেকে বেশি দামে ছত্রাকনাশক ছিটিয়েও কোনো উপকার পাচ্ছেন না তিনি।শুধু আবুল হোসেনই নন, তাঁর মতো শিবগঞ্জ উপজেলার অনেক কৃষকের আলুখেতই নাভিধসা রোগে নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আলুগাছগুলো কোনোভাবেই বেড়ে উঠছে না। প্রতিদিন নতুন নতুন এলাকায় এ মড়ক ছড়িয়ে পড়ছে। পরিস্থিতি সামাল দিতে না পারায় কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। স্থানীয় কৃষি বিভাগও উদ্বিগ্ন। তাঁরা মড়ক থেকে প্রতিকার পাওয়ার উপায়সংবলিত প্রচারপত্র বিলি শুরু করেছেন। স্থানীয় কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, আলুপ্রধান এলাকা হিসেবে পরিচিত এই উপজেলায় চলতি মৌসুমে ১৭ হাজার ৬০০ হেক্টর জমিতে আলুর চাষ করা হচ্ছে। এর মধ্যে এ পর্যন্ত ২২৫ হেক্টরে নাভিধসা মড়কে আক্রান্ত হয়েছে। আবহাওয়ার যে গতিবিধি, তাতে আরও অনেক জমি এ মড়কে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। রাতের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস ও দিনের তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং ঘন কুয়াশা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলে আলুর নাভিধসা মড়ক রোগ হয়।কৃষকেরা জানান, প্রথমে আলুগাছের পাতা, ডগা ও কাণ্ডে ছোট ভেজা দাগ পড়ে। ক্রমে দাগ বড় হয়ে যায়। এরপর সমগ্র পাতা, ডগা ও কাণ্ডের কিছু অংশ ঘিরে ফেলে। বাতাসে আর্দ্রতা (পানি) বেশি থাকলে দু-তিন দিনের মধ্যেই অধিকাংশ গাছ আক্রান্ত হয়ে পড়ে। ভোরের দিকে আক্রান্ত পাতার নিচে সাদা পাউডারের মতো জীবাণু দেখা যায়। আক্রান্ত খেতে পাওয়া যায় পোড়া গন্ধ। অনেক সময় আলুগাছ দেখে মনে হয় তা যেন পুড়ে গেছে।উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এ অবস্থায় প্রতিরোধ হিসেবে অনুমোদিত মাত্রায় বর্দো মিক্সচার অথবা যেকোনো কপার ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। স্পর্শক (কন্টাস্ট) জাতীয় ছত্রাকনাশক, যেমন ডায়াথেন এম ৪৫, হেম্যানকোবেজ, ইন্ডোফিল, মেলোডি ডুও, সিকিউর যেকোনো একটি দুই গ্রাম প্রতি লিটার পানিতে সাত দিন পর পর ছিটাতে হবে। আর যে জমিতে ইতিমধ্যে এ রোগ দেখা দিয়েছে, সেখান থেকে আক্রান্ত গাছ তুলে মাটিচাপা অথবা পুড়ে ফেলতে হবে। এরপর সিকিউর, মেলোডি ডুও বা একরোবেট এম জেড অনুমোদিত মাত্রায় সাত দিন পর পর ছিটাতে হবে। লক্ষ রাখতে হবে পাতার ওপরের দিকের পাশাপাশি নিচের দিকে যেন কীটনাশক যায়।উপজেলার মীরেরচক গ্রামের আলুচাষি সাইদুর রহমান (৩৫) জানান, প্রচণ্ড রোদ, তারপরই আবারও ঘন কুয়াশার কারণে এবারের আলুর গাছে ‘শীতকাটা’ রোগ ধরেছে। ওষুধ ছিটিয়েও কোনো ফল পাচ্ছেন না। এ অবস্থার উন্নতি না হলে তাঁর কষ্টে চাষ করা আলুখেত পুরোটাই মার খাবে।শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, এ মড়ক থেকে প্রতিকার পেতে আলুচাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি কৃষকদের সচেতন করার জন্য লিফলেট বিতরণ করা হচ্ছে গোটা উপজেলায়।