'শীতত ঠিক ন-গরিলে বর্ষাত পানিত ভাইয়্যুম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ারার রায়পুর ইউনিয়নের ছিপাতলী ঘাট এলাকায় ভাঙা বেড়িবাঁধ  প্রথম আলো
আনোয়ারার রায়পুর ইউনিয়নের ছিপাতলী ঘাট এলাকায় ভাঙা বেড়িবাঁধ প্রথম আলো

‘এই শীতত আঁরার ভাঙা বেড়িবাঁধ ঠিক ন-গরিলে, পুরা বর্ষাত কষ্ট পাইয়্যুম, পানিত ভাইয়্যুম (শীত মৌসুমে বেড়িবাঁধ মেরামত না করলে পুরো বর্ষায় কষ্ট পাব, পানিতে ভাসব)।’ আনোয়ারার রায়পুর ইউনিয়নের ভাঙন কবলিত বারআউলিয়া এলাকার কৃষক নুরুল ইসলাম (৫২) কথাগুলো বলেন। কেবল তিনি নন, রায়পুর ইউনিয়নের সব বাসিন্দাই বেড়িবাঁধ সংস্কারের মাধ্যমে জলাবদ্ধতার স্থায়ী নিরসন চান। প্রতি অমাবস্যা ও পূর্ণিমায় ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে রায়পুর ইউনিয়নের ঘরবাড়ি ও রাস্তাঘাট ডুবিয়ে দেয়। এই শীতে যদি ভাঙা বেড়িবাঁধ সংস্কার না করা হয়, তবে আগামী বর্ষা মৌসুমে দুর্ভোগ বাড়বে এমন আশঙ্কা এই এলাকার লোকজনের।
স্থানীয় বাসিন্দারা জানান, বঙ্গোপসাগর ও শঙ্খ নদের ভাঙনে পড়ে আনোয়ারার উপকূলীয় ইউনিয়ন রায়পুরের বিভিন্ন স্থানের ছয় কিলোমিটারেরও বেশি বেড়িবাঁধ বিধ্বস্ত হয়েছে। এর ফলে অমাবস্যা ও পূর্ণিমার সময় ইউনিয়নের ঘাটকূল, বারআউলিয়া, ছিপাতলী ঘাট, দক্ষিণ গহিরা ও পূর্ব গহিরা এলাকায় জোয়ারের পানি প্রবেশ করছে।
রায়পুর এলাকা ঘুরে দেখা গেছে, বঙ্গোপসাগর ও শঙ্খ নদের ভাঙনের কারণে একাধিক স্থানে বিধ্বস্ত হয়েছে বেড়িবাঁধ। পাশাপাশি ইউনিয়নের ঘাটকূল ও বারআউলিয়া এলাকা বঙ্গোপসাগর এবং পূর্ব গহিরা এলাকা শঙ্খ নদের ভাঙনের কবলে পড়েছে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, বর্ষাকালে যখন ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করে তখন ফসলের মাঠ, রাস্তা ও বসতবাড়ি তলিয়ে যায়। বর্ষায় বেড়িবাঁধে ছোটখাটো সংস্কার করা হলেও তা টিকে না। তাই শুষ্ক মৌসুমেই বেড়িবাঁধ সংস্কার করার দাবি জানান তাঁরা। রায়পুরের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইছমাইল প্রথম আলোকে বলেন, ‘বর্ষা শেষ, তাই এই শুকনো মৌসুমে আমরা ভাঙা বাঁধ সংস্কারের দাবি জানাচ্ছি। প্রশাসন উদ্যোগ নিলে এলাকাবাসীর দীর্ঘ দিনের দুর্ভোগ দূর হবে।’
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মুজিবুর রহমান বলেন, ‘শুধু রায়পুরের নয়, পুরো উপজেলার ভাঙনকবলিত এলাকার বেড়িবাঁধ মেরামতের জন্য আড়াই শ কোটি টাকা ব্যয়ের প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাব অনুমোদিত হলেই আশা করছি রায়পুরের সমস্যা কেটে যাবে।’
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ ফরিদ আহমদ বলেন, রায়পুরসহ উপজেলার ভাঙনকবলিত বিভিন্ন এলাকায় বেড়িবাঁধ সংস্কার করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করা হবে।