‘শীতি যুদ্ধু করে বাঁচে থায়ি’
‘জীবন শ্যাষ। সামনের শীত পর্যন্তু বাঁচপো কিনে জানিনে। শীতির সাথ যুদ্ধু করে বাঁচে থায়ি। কেউ খোঁজ নেয় না। তুমরা বাড়ি পর অ্যাসে কম্বল দিয়ে গেলে।’ প্রথম আলো ট্রাস্টের কম্বল পেয়ে কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বললেন মাগুরা সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মাজু বিবি (৯০)।প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল মঙ্গলবার ও গত সোমবার বন্ধুসভার সদস্যরা রাঙামাটি, কুষ্টিয়া, মাগুরা ও জামালপুরে ৮৬৬ জনকে শীতবস্ত্র দিয়েছেন। ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: কুষ্টিয়া: দৌলতপুর উপজেলায় ১০০ জন দুস্থ মানুষকে সোমবার কম্বল দেওয়া হয়েছে। উপজেলার লালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৪০০ গরিব মানুষ এবং বিদ্যালয়ের ৪০ ছাত্রছাত্রীকে বস্ত্র দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি খাতুন, সমাজসেবক হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।রাঙামাটি: সদর উপজেলার জীবতলী ও মগবান ইউনিয়নে গতকাল সকালে ২০০ দরিদ্র মানুষকে শীতবস্ত্র দেওয়া হয়। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন।মাগুরা: সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে গতকাল সকালে ২৬ জন হতদরিদ্র মানুষকে কম্বল দেওয়া হয়। এ সময় বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন।জামালপুর: মেলান্দহ উপজেলায় গতকাল ১০০ জন গরিব মানুষকে কম্বল দেওয়া হয়। ত্রাণ কার্যক্রমে চরবাণীপাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদত হোসেন, ভাবকী গফুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি রিয়াজ উদ্দিন উপস্থিত ছিলেন।সহায়তা অব্যাহত: দুস্থ ব্যক্তিদের কাছে শীতবস্ত্র পৌঁছে দিতে প্রথম আলো ট্রাস্টের ত্রাণ তহবিলে বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানের অর্থ ও শীতবস্ত্র সহায়তা অব্যাহত রয়েছে। গতকাল পর্যন্ত ত্রাণ তহবিলে জমা পড়েছে ১৯ লাখ ৮৯ হাজার ১৮০ টাকা এবং চার হাজার ৮৮১টি কম্বল, ৪৩৩টি সোয়েটার ও ১৮ বস্তা পুরোনো কাপড়।চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের ফেসবুকভিত্তিক ফোরাম সিএমসিঅনএফবি গতকাল দিয়েছে ১৮০টি কম্বল। এ পর্যন্ত ১১ হাজার ৩১ জনের মধ্যে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।