'শীতে কাঁপি মরনুগো বাপ'
হাড়কাঁপানো কনকনে ঠান্ডায় বগুড়ার যমুনাপারের মানুষের কাহিল অবস্থা। তবে এ শীতে গরিব মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। ঈশ্বরদীতে ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশায় অনেকে কাজে বের হতে পারছেন না। পৌর এলাকার পিয়ারপুর গ্রামের বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী পাতানী বেগম বলেন, ‘শীতে কাঁপি মরনুগো বাপ, খ্যাথা কম্বল নাই, শীতে মরি যাচ্ছি।’ আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
বগুড়া: যমুনার গর্ভে ভিটামাটি হারিয়ে বন্যানিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নেওয়া শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীরা। তাঁরা গতকাল সকালে সোনাতলা উপজেলার তেকানীচুকাইনগর কাচারীবাজার এলাকায় গিয়ে বাঁধে আশ্রিত শ্রমজীবী মানুষের মাঝে শীতের কম্বল ও গরম কাপড় বিতরণ করেন। এসব শীতবস্ত্র বিতরণ করা হয় ওই কলেজের ‘সৃজনশীল বন্ধু সংগঠন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে।
ঈশ্বরদী (পাবনা): পাতানী বেগমের মতো প্রচণ্ড শীতে দরিদ্র-অসহায়-দুস্থ ব্যক্তিরা কাতর হয়ে পড়েছেন। অনেকে তীব্র শীতে কাজে যেতে পারছেন না। গত শনিবার সাহেবনগর চরে সরেজমিনে দেখা যায়, শীতবস্ত্রের অভাবে সেখানে বসবাসকারী অনেকেই মানবেতর জীবন যাপন করছেন। গতকাল পর্যন্ত এ চরে কোনো শীতবস্ত্র পৌঁছায়নি। ঈশ্বরদী আবহাওয়া কার্যালয় থেকে জানা গেছে, এখানে গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।