‘শীতে তো লড়তে পারি না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ও বাবা, শীতে তো লড়তে পারি না। এই কালে (ঠান্ডায়) মইর্যাই যামু। এ বছর একছের শীত, শীতে থাহা দায়।’ কাঁপা কাঁপা কণ্ঠে কথাগুলো বলছিলেন বরিশাল নগরের জিয়া মত্স্য আড়তদার বস্তির বৃদ্ধ করম আলী (৭৫)। ঠান্ডা বাতাসের সঙ্গে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া, সূর্যের দেখা নেই। দিন ও রাতের ফারাক বোঝা দায়। আগুন জ্বালিয়ে একটু উত্তাপ নেওয়ার ব্যর্থ চেষ্টা চোখে পড়ে সর্বত্র। গতকাল মঙ্গলবার সরেজমিনে নগরের বিভিন্ন বস্তিতে গিয়ে এই চিত্র দেখা গেছে। শীতের সঙ্গে পাল্লা দিয়ে শিশু ও বয়স্কদের নানা সমস্যা দেখা দিচ্ছে। প্রচণ্ড শীতে হাসপাতালগুলোয় বাড়ছে রোগীর সংখ্যা। এর মধ্যে বেশির ভাগই শিশু ও বয়স্ক মানুষ। সবচেয়ে বেশি খারাপ অবস্থা শিশুদের। গত এক সপ্তাহে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিউমোনিয়ায় বেশ কয়েকটি শিশু মারা গেছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সেবিকা জানিয়েছেন। এখনো অনেক শিশুর অবস্থা আশঙ্কাজনক। শিশু ওয়ার্ডে গিয়ে দেখা গেছে, প্রত্যন্ত অঞ্চল থেকে জ্বর-সর্দি-কাশি ও ঠান্ডাজনিত কারণে অসুস্থ শিশুদের ভর্তি করা হচ্ছে। হাসপাতালের কোনো শয্যা খালি নেই। শিশুমৃত্যু প্রসঙ্গে দায়িত্ব পাওয়া একাধিক সেবিকা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘আমরা চেষ্টা করলেও লাভ হবে না। একে তো শেষ মুহূর্তে নিয়ে আসছে। তার ওপর যে পরিমাণ শিশু এই ওয়ার্ডে ভর্তি হচ্ছে, সে পরিমাণ অক্সিজেন বরাদ্দ দেওয়া হচ্ছে না। শুধু অক্সিজেনের কারণেও এখানকার অনেক শিশু মারা যাচ্ছে। মাত্র ২৫ শতাংশ রোগীর জন্য অক্সিজেন বরাদ্দ রয়েছে। অনেক সময় একজনের নাক থেকে অক্সিজেন পাইপ খুলে অন্য শিশুকে দিতে হয়। অক্সিজেনের সমস্যা সম্পর্কে শের-ই-বাংলা মেডিকেল কলেজের পরিচালক ধীরেন্দ্রনাথ সরকার বলেন, শীতের দিন শিশু ও বয়স্ক অনেক রোগীরই শ্বাসকষ্টজনিত কারণে অক্সিজেন প্রয়োজন পড়ে। একক ওয়ার্ডের ক্ষেত্রে অক্সিজেন সমস্যা হলেও সার্বিক দিক থেকে হাসপাতালে কোনো সমস্যা হওয়ার কথা নয়। বরিশাল আবহাওয়া কার্যালয়ের কর্মকর্তা মফিজুল ইসলাম জানান, বরিশালে গত এক সপ্তাহ ধরে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। মাঝে শীতের প্রকোপ এক দিন কম ছিল। গতকাল মঙ্গলবার বরিশালে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।