তদন্তে যাঁদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে, শেয়ারবাজারে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে তাঁদেরই দায়িত্ব দেওয়া হয়েছে। আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমন মন্তব্য করে আরও বলেন, ‘এ যেন শুঁটকির হাটের চৌকিদারের দায়িত্ব দেওয়া হয়েছে বিড়ালকে।’ শেয়ারবাজারে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে তিনি একই সঙ্গে সরকারকে সুযোগ দিতেও বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান। গতকাল সোমবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে ‘খালেদা-আমিনীর সরকার পতনের হুমকি ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় সুরঞ্জিত এ আহ্বান জানান।এদিকে শেয়ারবাজারে ‘লুটপাটের’ সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সরকারের উদ্দেশে বলেছেন, ‘বিচার করতে না চাইলে অপেক্ষা করুন। সামনে জনগণই আপনাদের বিচার করবে।’ তিনি আরও বলেন, অর্থমন্ত্রী বলেছেন, শেয়ারবাজার কেলেঙ্কারির তালিকায় স্পর্শকাতর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম আছে। তাই তাঁদের নাম প্রকাশ করা হয়নি। তিনি প্রশ্ন করেন, তাহলে কি শেয়ারবাজার কেলেঙ্কারিতে প্রধানমন্ত্রী জড়িত? না হলে অর্থমন্ত্রীর চেয়ে আর গুরুত্বপূর্ণ ব্যক্তি কে আছেন, যাঁদের নাম প্রকাশ করা যায় না?গতকাল ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত স্মরণসভায় তিনি এ দাবি জানান। সংগঠনটির সভাপতি প্রয়াত এম এ হাদীর স্মরণে জাতীয় প্রেসক্লাবে ওই সভার আয়োজন করা হয়।