'শুক্রবারও মানুষ পুড়্যাইয়া মারব, এইডা কিমন কথা?'
‘শুক্রবারও মানুষ পুড়্যাইয়া মারব, এইডা কিমন কথা। ছোট ছোট পোলাপাইন লইয়্যা আমি কই যামু? ছবি তুলন লাগব না। যদি পারেন সাহায্য করেন। না পারেন কইরেন না।’
স্বামী ফরিদ মিয়াকে (৬০) হারানোর পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সামনে আজ বুধবার সকালে ক্ষোভে-দুঃখে কথাগুলো বলেন স্ত্রী হালিমা আক্তার।
৩ জানুয়ারি শুক্রবার সকালে রাজধানীর রূপসী বাংলা হোটেলের সামনে বাদামতলী যাওয়ার পথে পেট্রলবোমায় পুড়ে যান বাসযাত্রী ফরিদ মিয়া। আজ সকাল ১০টার দিকে তিনি মারা যান। ওই ঘটনায় দগ্ধ শাহিনা আক্তার (৪২) নামের আরেকজন গতকাল দিবাগত রাত আড়াইটায় মারা যান।
এ কথা বলার পরই হালিমাকে তাঁর নয় বছরের ছোট ছেলে রিপন মিয়া বার্ন ইউনিটের ভেতরে টেনে নেওয়ার চেষ্টা করে। মাকে জড়িয়ে রিপন অঝোরে চোখের পানি ফেলতে ফেলতে বলে, ‘মা, চলো। আমি বাবার কাছে যাইমু, বাবার কাছে যাইমু।’
হালিমা আক্তার ৩ জানুয়ারির ঘটনা সম্পর্কে বলেন, শুক্রবার রাস্তায় কোনো সমস্যা হবে না—এমনটা ভেবে ব্যবসার মালামাল আনতে বালুরঘাট এলাকার বাসা থেকে ফজরের নামাজের পর বেরিয়ে যান ফরিদ মিয়া। তিনি জানান, নরসিংদীর বেলাবো এলাকায় তাঁদের গ্রামের বাড়ি। ২০ বছর ধরে বালুরঘাটে বাসবাস করছেন তাঁরা। সংসার জীবনে তাঁদের এক মেয়ে ও তিন ছেলে। বড় মেয়ে সালমার বিয়ে হয়ে গেছে। তিন ছেলে স্বপন মিয়া, সুজন মিয়া ও রিপন মিয়ার বয়স কম থাকায় স্বামীর মৃত্যুতে আয়ের পথ বন্ধ হয়ে গেছে। ফরিদ মিয়ার লাশ দাফনের টাকাও নেই জানিয়ে হালিমা বলেন, ‘এলাকাবাসী টাকা দিলে ঢাকায় কবর দিমু। নইলে বাড়িতে লইয়্যা যামু।’
এদিকে একমাত্র ছেলে আতিকুজ্জামান যুক্তরাষ্ট্র থেকে ১১ জানুয়ারি ঢাকায় ফিরবেন। এর পরই খুলনায় গ্রামের বাড়িতে শাহিনা আক্তারের লাশ দাফন করা হবে।
ঢাকা মেডিকেল কলেজ মর্গের সামনে শাহিনার বড় ভাই রুহুল আমিন প্রথম আলোকে জানান, শাহিনা ঢাকা অ্যালিকো ইনস্যুরেন্সে কাজ করতেন। স্বামী ফকরুজ্জামানের অসুস্থতার জন্য শুক্রবার তেজকুনিপাড়ার বাসা থেকে খুলনা যাচ্ছিলেন শাহিনা।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, শাহিনার শরীরের নিচের অংশের ৬৪ শতাংশ পুড়ে গিয়েছিল। শারীরিক যন্ত্রণার মাত্রা গতকাল বেড়ে যায়। আর ফরিদ মিয়ার শ্বাসনালিসহ শরীরের ৪৮ শতাংশ পুড়ে গিয়েছিল।