'শুদ্ধস্বরে ভাঙে রুদ্ধ প্রাণ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবৃত্তির মঞ্চে প্রেম, দ্রোহ আর প্রকৃতির আবহ। সব ছাপিয়ে ছয় তরুণশিল্পীর কণ্ঠে মানবতার জয়গান। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, শামসুর রাহমান ও জয় গোস্বামীর কবিতার ছন্দ শ্রোতাদের মধ্যে ছড়ায় মুগ্ধতার আবেশ।

২৩ আগস্ট সন্ধ্যা সাতটা নগরের থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রাম মিলনায়তনে সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের উদ্যোগে আয়োজন করা হয় ‘শুদ্ধস্বরে ভাঙে রুদ্ধ প্রাণ’ শিরোনামে আবৃত্তি অনুষ্ঠানের। আবৃত্তি করেন স্বদেশ আবৃত্তি সংগঠনের সেলিম ভূঁইয়া, সন্দীপনা আবৃত্তি বিভাগের মেজবাহ চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের রিয়াজুল কবির, দৃষ্টি চট্টগ্রামের প্রিয়ম দাশ, স্বপ্নযাত্রীর উমেচিং চৌধুরী ও প্রমিতি সাংস্কৃতিক একাডেমির ফারজানা সুলতানা।

আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরীর সভাপতিত্বে আয়োজনের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ফারুক তাহের। মো. মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় আসরের প্রথমে আবৃত্তি করেন প্রমিতি সাংস্কৃতিক একাডেমির ফারজানা সুলতানা। শুরুতে আবৃত্তি করেন ভাষাসৈনিক মাহবুব উল আলম চৌধুরীর কবিতা ‘আমার জন্মদিনে’। এরপর একে একে আবৃত্তি করেন হেলাল হাফিজের ‘একটি পতাকা পেলে’, শামসুর রাহমানের ‘বাজা গো’ ও জয় গোস্বামীর ‘মেঘ বালিকার জন্য রূপকথা’। ফারজানা সুলতানার পর আসেন স্বপ্নযাত্রীর উমেচিং চৌধুরী। তিনি পরিবেশন করেন জয় গোস্বামীর ‘জল হাওয়ার লেখা’, শরৎ কুমার মুখোপাধ্যায়ের ‘বঙ্গহুম’, শুভাশীষ শুভর ‘পাহাড় ও সমুদ্রের গল্প’ ও বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের ‘তিন পাহাড়ের স্বপ্ন’।

এরপর দৃষ্টি চট্টগ্রামের প্রিয়ম দাশ পরিবেশন করেন পার্থ সারথী বড়ুয়ার ‘বন্ধু’, আরণ্যক বসুর ‘মনে থাকবে’ ও ভবানী প্রসাদ মজুমদারের ‘বাংলাটা ঠিক আসে না’। প্রিয়মের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের রিয়াজুল কবির আবৃত্তি করেন আনিসুল হকের ‘৩২ নম্বর মেঘের ওপারে’, রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহর ‘চিঠি’ ও সংগৃহীত কবিতা ‘ইউনিভার্সিটি’। এরপর আবৃত্তি করেন সন্দীপনা আবৃত্তি বিভাগের মেজবাহ চৌধুরী। তিনি আবৃত্তি করেন কাজী নজরুল ইসলামের ‘সাম্যবাদী’ ও ‘লিচুচোর’, সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কেউ কথা রাখেনি’, বিভিন্ন কবিতা সংকলন থেকে ‘নিখিল’ ও সৈয়দ শামসুল হকের ‘আমার পরিচয়’। সবশেষে আবৃত্তি নিয়ে আসেন স্বদেশ আবৃত্তি সংগঠনের সেলিম ভূঁইয়া। তিনি পরিবেশন করেন জীবনানন্দ দাশের ‘অন্ধকার’, সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কবির মৃত্যু: লোরকা স্মরণে’, সুকুমার রায়ের ‘জীবনের হিসাব’ ও কাজী নজরুল ইসলামের শিশুতোষ কবিতা ‘খুকি ও কাঠবিড়ালী’।

অনুষ্ঠানের শেষ পর্বে ছয় শিল্পীর হাতে স্মারক তুলে দেওয়া হয়।