'শুধু ক্ষতিপূরণ নয় শাস্তিও দিতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ দায়ী নয়। অথচ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশকে শুধু ক্ষতিপূরণ নয়, তাদের শাস্তি দিতে হবে।

বরিশালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) উদ্যোগে গঠিত সচেতন নাগরিক কমিটির আয়োজনে মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় নগরের অশ্বিনীকুমার হল চত্বরে জলবায়ু তহবিল ব্যবহারে চাই স্বচ্ছতা ও জবাবদিহির দাবি তুলে ওই মানববন্ধন করা হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রক্ষা করা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। এই মুহূর্তে নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিবের উদ্যোগে জলবায়ু সম্মেলন হচ্ছে। ১২৫টি দেশের সঙ্গে বাংলাদেশও অংশ নিচ্ছে। সেখানে বাংলাদেশের পক্ষে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের সুরক্ষার দাবি তুলতে হবে।

মানববন্ধন থেকে সরকার গঠিত জলবায়ু তহবিলের সঠিক বণ্টন এবং এর ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জোর দাবি জানানো হয়। পরিবেশের নেতিবাচক প্রভাব থেকে মুক্ত থাকতে আন্তর্জাতিক পর্যায়ে সবুজবান্ধব বাণিজ্য চুক্তির ওপর জোর দেওয়া হয়।

সচেতন নাগরিক কমিটির সভাপতি এম মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সুশাসনের জন্য নাগরিক—সুজন বরিশাল জেলা সভাপতি আক্কাস হোসেন, সুশাসনের জন্য প্রচারাভিযান—সুপ্রর জেলার সভাপতি সৈয়দ হাবিবুর রহমান, শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, সিরাজুল ইসলাম, আনোয়ার জাহিদ, শুভংকর চক্রবর্তী প্রমুখ।

আলোচনায় বক্তারা জলবায়ুর অর্থায়নে সুশাসন এবং টেকসই উন্নয়নে জনসম্পৃক্ততার পাশাপাশি পরিবেশদূষণ থেকে বিরত থাকার আহ্বান জানান।