'শুধু চিকিৎসা নয় হৃদ্রোগ প্রতিরোধও করতে হবে'
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আবদুল মালিক বলেছেন, হৃদ্রোগ একসময় মহামারিতে পরিণত হতে পারে। তাই শুধু চিকিৎসা নেওয়া নয়, এই ব্যাধিকে প্রতিরোধ করতে হবে। তাই সর্বস্তরের মানুষকে হৃদ্রোগ প্রতিরোধে সচেতন করতে হবে।
হৃদ্রোগের ঝুঁকি কমাতে আবদুল মালিক প্রাপ্তবয়স্কদের দিনে কমপক্ষে ৩০ মিনিট এবং বাচ্চাদের ৬ মিনিট হাঁটার পরামর্শ দিয়ে বলেন, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা, ধূমপান থেকে বিরত থাকা, কম লবণ, কম চর্বি ও কম ক্যালরিযুক্ত খাবার খাওয়া, শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা, দুশ্চিন্তা পরিহার ও নিয়মিত ব্যায়াম করা হৃদ্রোগ প্রতিরোধ করে। এগুলো অভ্যাসে রূপ দিতে হবে।
সিলেট নগরের শাহি ঈদগাহ এলাকায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত দুদিনব্যাপী হার্ট ক্যাম্প শেষে গতকাল শুক্রবার সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আবদুল মালিক এসব কথা বলেন।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের সভাপতি অধ্যাপক এম এ রকিবের সভাপতিত্বে সেমিনারে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের মহাসচিব অধ্যাপক খন্দকার আবদুল আওয়াল রিজভী, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের চিফ কার্ডিয়াক সার্জন অধ্যাপক ফারুক আহমদ, কার্ডিও কনসালট্যান্ট কার্ডিওলজিস্ট খালেদ মহসিন সেমিনারে বক্তব্য দেন। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান লস্কর সেমিনারে স্বাগত বক্তব্য দেন। সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে এনজিওগ্রাম মেশিন স্থাপন করা হচ্ছে। শিগগিরই রোগীদের সেবায় এই মেশিন চালু করার বিষয়টি সেমিনারে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এর আগে দুই দিনব্যাপী ‘হার্ট ক্যাম্পে’ হৃদ্রোগ বিশেষজ্ঞরা তিন শতাধিক রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেন।