'শুধু ট্যাপ খাইসে, গাড়ি ওকে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাঙাচোরা বাস মেরামতে ব্যস্ত শ্রমিকেরা। ঢাকার মিরপুরের কোটবাড়ি এলাকা থেকে সম্প্রতি তোলা। ছবি: আশরাফুল আলম
ভাঙাচোরা বাস মেরামতে ব্যস্ত শ্রমিকেরা। ঢাকার মিরপুরের কোটবাড়ি এলাকা থেকে সম্প্রতি তোলা। ছবি: আশরাফুল আলম

দম ফেলার সময় নেই কারও। কেউ ইস্পাত-খণ্ড কাটছেন, কেউ চটা রং তুলছেন। কেউবা ওয়েল্ডিং মেশিন দিয়ে জোড়াতালি দিচ্ছেন বাসে। একটি-দুটি নয়, অসংখ্য বাস মেরামতের কাজ চলছে। এই জায়গাটির নাম রাজধানীর গাবতলী এলাকার কোটবাড়ি। বাস-ট্রাক মেরামতের একাধিক গ্যারেজ রয়েছে এখানে। অধিকাংশ বাসের বাম দিকের অংশ ক্ষতবিক্ষত। সাত দিন পর ঈদ উপলক্ষে এসব বাস চলাচল করবে মহাসড়কে।

এমনই একটি গ্যারেজের সামনে গতকাল বৃহস্পতিবার রাখা ছিল ‘সৌখিন এক্সপ্রেস’ নামে একটি বাস। বাসটির সামনে ও পাশের জানালার কোনো গ্লাস নেই। রং চটা। চারপাশ ভাঙাচোরা। ইঞ্জিনের সব তার এলোমেলো। বাসটির ভেতরে ব্যস্ততা নিয়ে ঝালাইয়ের কাজ করছিলেন হারুন অর রশিদ নামে এক শ্রমিক। এত তাড়া কেন? জানতে চাইলে মধ্যবয়সী হারুন বলেন, ‘বাসের কাম শেষ করতে হইব। ঈদের আগেই রোডে নামব।’ কী হয়েছিল বাসের?—এর জবাবে তিনি বলেন, ‘সপ্তাহ খানেক আগে ময়মনসিংহ রোডে অ্যাকসিডেন্ট (দুর্ঘটনা) করছিল। ইঞ্জিন ঠিক আসে। বডি সমস্যা। শুধু ট্যাপ খাইছে। গাড়ি ওকে আছে।’ দুর্ঘটনার ক্ষত কাটাতে মালিক পাঁচ লাখ টাকায় বাসটি মেরামত করাচ্ছেন বলে তিনি জানালেন।

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস মিরপুরের কোটবাড়ি এলাকার কারখানায় মেরামত করা হয়। ছবি: আশরাফুল আলম
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস মিরপুরের কোটবাড়ি এলাকার কারখানায় মেরামত করা হয়। ছবি: আশরাফুল আলম

একই এলাকার আরেক গ্যারেজে ইউনিক পরিবহনের বেশ কটি বাসের মেরামতের কাজ চলছিল। এটি ইউনিক পরিবহনের নিজস্ব গ্যারেজ। এই পরিবহনের বাসগুলো ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার, বেনাপোল রুটে চলাচল করে। এই প্রতিষ্ঠানটির একটি বাস রাখা ছিল গ্যারেজটির সামনে। বাসটি চুরমার অবস্থায় ছিল। চালকের আসনসহ সামনের সারির বেশ কটি আসন এলোমেলো। গ্যারেজ শ্রমিক মো. রতন বলেন, বুধবার দুর্ঘটনায় পড়ে গাড়িটির এ অবস্থা হয়েছে। মালপত্র সব মালিক দেবেন। শ্রমিকদের মজুরি ৪০ হাজার টাকা লাগবে। ঈদের আগে কাজ শেষ করে যাত্রী বহন করবে।

অল্প কিছু দূর এগিয়ে পিয়া মোটর গ্যারেজে ছিল ইউনিক পরিবহনের আরেকটি বিকল বাস। বাসটির নম্বর প্লেটে লেখা ছিল ঢাকা মেট্রো ব ১৪-৬৭৯৫। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুযায়ী, বাসটি ফিটনেসহীন। যার মেয়াদ ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে শেষ হয়ে যায়। এভাবে দুই বছর বাসটি চলাচল করছিল।

ঢাকার মিরপুরের কোটবাড়ি এলাকায় বাসের পুরোনো আসন নতুনের মতো করার কাজ চলছে। ছবি: আশরাফুল আলম
ঢাকার মিরপুরের কোটবাড়ি এলাকায় বাসের পুরোনো আসন নতুনের মতো করার কাজ চলছে। ছবি: আশরাফুল আলম

কয়েক দিন আগে বাসটি দুর্ঘটনায় পড়েছিল। এর ফলে এই বাসের বাম অংশ দুমড়ে-মুচড়ে যায়। কোথায় দুর্ঘটনায় পড়েছিল জানতে চাইলে বাসের ভেতরে থাকা শ্রমিক মো. সাঈদ বলেন, ‘কোথায় হইছে জানি না। তবে এ অবস্থায় চালাইয়া আনছে। ক্ষতি খুব একটা হয় নাই। ড্রাইভারে চালাইয়া আনছে। ইঞ্জিন নষ্ট হইলে কী চালানো যাইত। গাড়ির সব কাম ঈদের আগে শেষ করমু। গাড়ির কিছু হয় নাই। বডি সমস্যা। এইডা কোনো ব্যাপার না।’

এভাবে দুমড়ে-মুচড়ে যাওয়া বাসগুলো মেরামত করা হচ্ছে। দেশে দূরপাল্লার রুটের বেশ কয়েকজন চালকের সঙ্গে কথা বলে জানা গেছে, সাধারণত ওভারটেক করার সময় বাসের বাম অংশ আঘাতে লাগে।

ঈদের আগে হাজার হাজার যাত্রী এসব বাসে করেই মহাসড়ক পাড়ি দিয়ে ফিরবেন নিজেদের ঘরে। ঈদ করে আবারও চলে আসবেন ঢাকা শহরে। মেরামত করার পর এ ধরনের বাসগুলোর ফিটনেস পরীক্ষা করা হবে কি না—এ ব্যাপারে গ্যারেজের শ্রমিক-মালিক কেউ কিছু জানেন না। মালিকপক্ষের লোকজন কাউকে পাওয়া যায়নি গ্যারেজের সামনে। শ্রমিকেরা জানান, গাড়ি চলতে পারলে সব ঠিক। বাসগুলোতে রঙের প্রলেপ দেওয়া হবে। একই সঙ্গে আসনগুলো আরামদায়ক করা হবে।

বিআরটিএর ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশে না করার শর্তে বলেন, দুর্ঘটনার পর মালিকপক্ষ বাসগুলো মেরামত করে নেয়। পুলিশ কেস হলে কেবল বাসের অবস্থা সম্পর্কে জানা যায়। দুর্ঘটনায় পড়লে মালিকপক্ষরই বিআরটিএকে সার্বিক বিষয় জানানোর নিয়ম। তবে কোনোভাবেই আনফিট যানবাহন চালানো ঠিক নয়। বড় ধরনের দুর্ঘটনা হলে নতুন করে ফিটনেস টেস্ট করাতে হবে।

ঈদ সামনে রেখে পুরোনো ও ফিটনেসহীন বাসগুলো রং করা হচ্ছে। নতুন করা হচ্ছে। ঢাকার মিরপুরের কোটবাড়ি এলাকা থেকে সম্প্রতি তোলা। ছবি: আশরাফুল আলম
ঈদ সামনে রেখে পুরোনো ও ফিটনেসহীন বাসগুলো রং করা হচ্ছে। নতুন করা হচ্ছে। ঢাকার মিরপুরের কোটবাড়ি এলাকা থেকে সম্প্রতি তোলা। ছবি: আশরাফুল আলম

বাস চলাচলের জন্য রুট পারমিট ও ফিটনেস থাকা প্রয়োজন বলে জানান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মাহবুব আলম তালুকদার। তিনি প্রথম আলোকে বলেন, ‘সুন্দর দেখা গেলেই যানবাহন ফিট থাকল না। এর বডি (অবকাঠামো), ফিটনেস ঠিক আছে কি না—এটাই বড় বিষয়। ঈদের সময় দেখা যায়, আনফিট ও রুট পারমিট ছাড়া গাড়িগুলো মহাসড়কে চলাচল করে। এটা বন্ধ করা প্রয়োজন। এটি নিয়ন্ত্রণের দায়িত্ব হলো তাদের ওপর, যারা এটাকে নিয়ন্ত্রণ করবে। যারা এ ধরনের গাড়ি নামায়, তারা তো মুনাফা করার জন্য চলাবে। ম্যানেজ করে যদি আনফিট যানবাহন চালানো যায়, তাহলে অসুবিধা কী?’