'শুধু নজরুলের কাঠবেড়ালি পড়ালেই হবে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোর সরকারি কলেজ মিলনায়তনে নজরুল মঞ্চের প্রকাশনা  ‘তৃতীয়া তিথি’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান। ছবি: মুক্তার হোসেন, নাটোর
নাটোর সরকারি কলেজ মিলনায়তনে নজরুল মঞ্চের প্রকাশনা ‘তৃতীয়া তিথি’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান। ছবি: মুক্তার হোসেন, নাটোর

জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে আরও পড়াশোনার সুযোগ সৃষ্টি করার আহ্বান জানিয়েছেন নাতনি খিলখিল কাজী। তিনি বলেন, শিশুশ্রেণিতে শুধু নজরুলের ‘কাঠবেড়ালি’ পড়ালেই হবে না। সব শ্রেণির পাঠ্যসূচিতে নজরুলের নানামুখী সৃষ্টি তুলে ধরতে হবে।
গতকাল শনিবার রাতে নাটোর সরকারি কলেজ মিলনায়তনে কবির ১১৫তম জন্মজয়ন্তী উপলক্ষে নাটোরের নজরুল মঞ্চের প্রকাশনা ‘তৃতীয়া তিথি’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
কবি-নাতনি খিলখিল কাজী বলেন, পড়াশোনার সুযোগ বাড়লে নতুন প্রজন্ম নজরুলকে উপলব্ধি করতে পারবে। সুস্থ সমাজ গঠনে তারা উত্সাহিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাটোর-২ আসনের সাংসদ শফিকুল ইসলাম বলেন, সমাজ থেকে হানাহানি ও সাম্প্রদায়িকতা নির্মূল করতে হলে জাতীয়ভাবে নজরুলচর্চা বাড়াতে হবে। তিনি তাঁর বাস্তব অভিজ্ঞতা থেকে সাহিত্যে মানবতা ও সাম্যের কথা লিখে গেছেন। আমরা তাঁকে অনুসরণ করলে সমাজ থেকে বিশৃঙ্খলা দূর হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক বেগম জাহান আরা বলেন, ‘বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ে নজরুলকে নিয়ে মাত্র ২০ নম্বরের পড়ানো হয়। এটা লজ্জার কথা। এতে তো নতুন প্রজন্ম নজরুল সম্পর্কে অনেক কিছুই জানবে না। রবীন্দ্রনাথকে নিয়ে বিশ্ব ভারতী হয়েছে, নজরুলকে নিয়ে আমরা তেমন কিছু কেন করতে পারছি না? এ ব্যাপারে আমাদের তত্পর হতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজরুল মঞ্চের সভাপতি মো. গোলাম কামরান। অনুষ্ঠানে নাটোরের জেলা প্রশাসক মশিউর রহমান, পুলিশ সুপার বাসুদেব বণিক ও জেলা পরিষদের প্রধান নির্বাহী এ বি এম শরিফ উদ্দিনসহ সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নজরুলসংগীত ও নৃত্য পরিবেশিত হয়।