‘শুধু নৌকা দেখে ভোট দেবেন না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু নৌকা প্রতীক দেখে ভোট না দিতে হিন্দু সম্প্রদায়ের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল শনিবার হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। বিভিন্ন দাবিদাওয়া নিয়ে হিন্দু সম্প্রদায়ের ২১টি সংগঠনের প্রতিনিধিরা ওই সভায় অংশ নেন। প্রতিনিধিদের উদ্দেশে এরশাদ বলেন, ‘ভালো মানুষকে ভোট দেবেন। শুধু নৌকা দেখে ভোট দেবেন না। যাঁরা আপনাদের সঙ্গে থাকে, তাঁদের ভোট দেবেন। নৌকায় ভালো মানুষ থাকলে ভোট দেবেন।’এরশাদ আরও বলেন, ‘জাতীয় পার্টি আরেকবার ক্ষমতায় এলে আপনাদের মনে কোনো ব্যথা থাকবে না। অর্পিত সম্পত্তি আইন এখন কতটুকু বাস্তবায়ন হবে, তা জানি না। তবে আমি ক্ষমতায় এলে এটা বাস্তবায়িত হবে, এটা নিশ্চিত।’ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বলেন, তাঁরা কারও ‘ভোটব্যাংক’ হয়ে থাকতে চান না।মতবিনিময় সভায় সনাতন ধর্মীয় সম্মিলিত পরিষদের সভাপতি হীরেন্দ্রনাথ বিশ্বাস অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন, উত্তরাধিকার-সংক্রান্ত শাস্ত্রীয় বিধান পরিপন্থী কোনো আইন না করার দাবি জানান।সভায় অন্যান্যের মধ্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদ, সুনীল শুভ রায়, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, সনাতন ধর্মীয় সম্মিলিত পরিষদের সদস্য সচিব দিলীপ ভদ্র প্রমুখ বক্তব্য দেন।